মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, মহামারি রূপে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, খুন, ছিনতাই বেড়েই চলেছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন পাড়া বা মহল্লায় মাদক কেনাবেচায় জড়িয়ে পড়ছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় মাদক না পেয়ে হামলার ঘটনা হরহামেশাই লক্ষ করা যাচ্ছে। চুরি, ছিনতাই কিংবা অর্থ আদায়ের জন্য ভয়ভীতি প্রদর্শনের ঘটনার সঙ্গে মাদকের যোগসূত্র রয়েছে। মাদক কেনাবেচা নিয়ে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটছে। অনেক সময় মাদক উদ্ধার করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আহত হচ্ছেন। দেশের ৮০ শতাংশ অপরাধের নেপথ্যে নেশাজাতীয় দ্রব্যের প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, দেশে মাদকের বিস্তারের সঙ্গে জড়িয়ে আছে আন্তসীমান্ত পাচার ও অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গবেষণার তথ্যে উঠে এসেছে, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করে। এটি মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। ৯০ শতাংশ জানিয়েছে, মাদক পাওয়া সহজ। দেশে মাদকের পেছনে বছরে আনুমানিক ব্যয় হয় ৫৯ হাজার কোটি টাকা।
তরুণ প্রজন্মের মধ্যে মাদকের ব্যবহার দিন দিন বাড়ছে। মাদকের ভয়াবহ বিস্তার আজ ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু ব্যক্তির জীবনকেই ধ্বংস করছে না, বরং জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ধাবিত করছে। কারণ মাদক কেনাবেচায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে। নতুন ধরনের মাদক শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি থাকার কারণে বড় বড় চালান দেশের বাইরে থেকে অভ্যন্তরে প্রবেশ করছে। বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম ও গোপন গ্রুপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পড়ুয়া উচ্চশিক্ষিত তরুণ-তরুণীও বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছে। অনলাইনে অর্ডার করে বাসায় সরবরাহ করা হচ্ছে বলেও জানা গেছে। মাদক নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বলছে, নিয়মিত মাদকসেবীদের (তরুণ জনগোষ্ঠী) নতুন নেশার প্রতি আগ্রহ থেকেই মাদকের বাজার তৈরি হচ্ছে। প্রযুক্তির ব্যবহারের সুযোগ কাজে লাগিয়ে কারবারিরা গোপনে মাদক সরবরাহ করছে। মাদক সরবরাহ ও পাচার রোধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যুবসমাজের মধ্যে মাদকের কুফল সম্পর্কে ধারণা দিতে হবে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক প্রচারের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে হবে।
সরকার নানাভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। কিন্তু বিস্তারের তুলনায় তা রোধ করা যাচ্ছে খুবই সামান্য। অনেক সময় পুলিশ সদস্যদের বিরুদ্ধেও মাদক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে আসা ৮০ শতাংশ মাদক উদ্ধার করা সম্ভব হয় না। মাদকের চাহিদা কমাতে না পারলে শুধু অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সামাজিক অবক্ষয় ও পারিবারিক অসচেতনতা এ সমস্যাকে উসকে দিচ্ছে। অনেক সময় মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে যুবসমাজ। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে রাষ্ট্র, পরিবার ও সমাজকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা, সরকারি তথ্যে যে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে, তাতে মনে হয়েছে মাদক বিস্তারে এ দেশে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ মাদকের সহজলভ্যতা, বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, চিকিৎসাব্যবস্থার অপ্রতুলতা মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আশা করছি, সরকার আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে সমাজ থেকে মাদকের বিস্তার ঠেকাতে সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
