মোঃ জামাল হোসেন:
চাঁদপুরের শাহরাস্তিতে গোলাম কিবরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শাখা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম।
শুক্রবার (২৭ নভেম্বর) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং কারিগরি শাখা চালুর জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ, শিক্ষকদের কার্যক্রম ও বিভিন্ন একাডেমিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রকৌশলী মোহাম্মদ শামসুল আলম বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কারিগরি ও ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। নিয়মিত পাঠদান ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ফখরুল আলম পাটোয়ারী, এফসিএ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী ও শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন এবং প্রাক্তন শিক্ষার্থী ও প্রবাসী সমাজসেবক মোহাম্মদ মাহবুব আলম পাটোয়ারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রুপনাথ চক্রবর্তী, অভিভাবক সদস্য মোহাম্মদ মাজহারুল হক, শিক্ষক প্রতিনিধি মোঃ কামরুজ্জামান পাটোয়ারী, সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজান মিয়া, মোঃ জামাল হোসেন, শাহ পরানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ে কারিগরি শাখা চালু করা সম্ভব হলে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এর মাধ্যমে তাদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান এবং ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন তাঁরা।
