শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
৬৪ জেলায় বছরব্যাপী খেলাধুলা আয়োজনের উদ্যোগ
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

দেশের ৬৪টি জেলায় বছরব্যাপী খেলাধুলা আয়োজনের উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জানুয়ারি থেকে প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে দেওয়া হবে ক্রীড়া ক্যালেন্ডার। সেখানে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আগামী জানুয়ারি থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে। এতে বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে। আমরা চাই, সারা বছর মাঠে খেলাধুলা চলুক। খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তুলতে চাই।’
দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। নিজের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল। সে কারণে সিলেটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। এ সময় একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও স্মরণ করেন তিনি।
বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ টেনে আমিনুল হক আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্য লড়াই করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসকের উদ্দেশে তিনি বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে কার্যকর ও শক্তিশালী করতে তার বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২