রোববার ● ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
মুশফিকের নামে গ্যালারি, অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সি
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৯.১১.২০২৬ ১:২১ এএম |

মুশফিকের নামে গ্যালারি, অবসরে যাচ্ছে ১৫ নম্বর জার্সি
বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার নামে গ্যালারি করার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের ব্যবহৃত ১৫ নম্বর জার্সিটিও তুলে রাখার উদ্যোগ নিয়েছে বোর্ড। অর্থাৎ, ভবিষ্যতে বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে এই নম্বরের জার্সি গায়ে দেখা যাবে না।
বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, মুশফিকের সম্মানে গ্যালারি নির্মাণ এবং তার জার্সি অবসরে পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।
এর আগে আজ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন মুশফিক। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া এই অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
মুশফিককে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা আদর্শ হিসেবে উল্লেখ করে তামিম বলেন, দেশের ক্রিকেটে তার অবদানকে স্বীকৃতি দিতে চায় বোর্ড। তার মতো একজন ক্রিকেটার অনেক খেলোয়াড় ও শিশুর অনুপ্রেরণা।
মুশফিকের বিদায়ী টেস্টের আগে তার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলো তুলে ধরার আহ্বানও জানিয়েছেন বিসিবি সভাপতি। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরু হওয়া পর্যন্ত বোর্ড, গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মুশফিকের স্মরণীয় অর্জনগুলো সামনে আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের হয়ে দীর্ঘতম আন্তর্জাতিক ক্যারিয়ারের অধিকারী মুশফিক ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। টেস্ট ক্রিকেটে তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম দীর্ঘ ও বর্ণাঢ্য একটি অধ্যায়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২