প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সুষ্ঠু, স্বচ্ছ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুমিল্লা সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
সভায় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। ফ্যামিলি কার্ড কর্মসূচির সঠিক বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, জেলা সমাজসেবা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক ফারহানা আমিন এবং শহর সমাজসেবা কার্যালয়, কুমিল্লার সমাজসেবা কর্মকর্তা মো. আশিকুল ইসলাম।
