১০ থেকে ২০ শতাংশ ঘুষ না দিলে ঠিকাদারদের বিল পরিশোধ করা হয় না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইলেকট্রো-মেকানিক্যাল (ই/এম) শাখার বিরুদ্ধে এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একই সঙ্গে যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি এবং ওভারটাইমের অর্থ আত্মসাতের তথ্যও পেয়েছে দুদকের আভিযানিক দল।
বুধবার (২৫ নভেম্বর) বেবিচকের প্রধান কার্যালয়ে দিনভর অভিযান চালিয়ে ঠিকাদারদের কাছ থেকে এ অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক টিম।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসান গণমাধ্যমকে জানান, বেবিচকের ই/এম শাখায় ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ঘুষ ছাড়া ঠিকাদারদের বিল পরিশোধ করা হয় না বলে অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত প্রমাণও সংগ্রহ করেছেন তারা। ওভারটাইমের অর্থ ব্যবহারে অনিয়মের তথ্যও পেয়েছে দুদক।
দুদক সূত্রে জানা যায়, বেবিচকের ই/এম প্রকল্পে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঠিকাদারদের বিল পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন দাবির অভিযোগ ছিল। এ ছাড়া বিভিন্ন সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংস্থাটি কর্মকর্তারা জানান, বেবিচকে বছরে প্রায় ৫০ লাখ টাকা ওভারটাইম বাবদ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বিভিন্ন শাখায় দিনে ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত কাজ দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ রয়েছে। অভিযানে এ-সংক্রান্ত তথ্য-প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
অভিযোগের বিষয়ে বেবিচকের ই/এম সার্কেল প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাশিষ বড়ুয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে। তবে বেবিচক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, যন্ত্রপাতি মেরামতের নামেও সরকারি অর্থ আত্মসাতের তথ্য পেয়েছে দুদক। অভিযানে পাওয়া তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
