বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় লিগে রানবন্যা, উইকেট কঠিন করার পরামর্শ তুষার ইমরানের
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ১:১৯ এএম |

জাতীয় লিগে রানবন্যা, উইকেট কঠিন করার পরামর্শ তুষার ইমরানের

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে ব্যাটারদের দাপট ছিল চোখে পড়ার মতো। ছয়টি ডাবল সেঞ্চুরি, ৪৯টি সেঞ্চুরির সঙ্গে অর্ধেকের কাছাকাছি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে।
ব্যাটারদের এমন সাফল্যের পেছনে বল পরিবর্তনের প্রভাব দেখছেন এবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগের কোচ তুষার ইমরান। তার মতে, ডিউক বলের বদলে কোকাবুরা ব্যবহারে ব্যাটাররা কিছুটা সুবিধা পেয়েছেন। তবে আগামী আসরেও কোকাবুরা বল রাখা হলে উইকেট আরও কঠিন করার পরামর্শ দিয়েছেন তিনি।
এনসিএলের আগের দুই-তিন মৌসুমে ডিউক বলে খেলা হয়েছিল। তাতে পেসাররা বাড়তি সুবিধা পেয়েছেন, ব্যাটারদের রান করতেও সংগ্রাম করতে হয়েছে। এবার কোকাবুরা বল ফেরানোর সিদ্ধান্তে ব্যাটারদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তুষার।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গত দুই-তিন মৌসুম আমরা ডিউক বলে খেলেছি। তখন পেস বোলারদের প্রাধান্য ছিল, ব্যাটাররা একটু সংগ্রাম করছিল। সে ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের দারুণ উদ্যোগ ছিল, এ বছর কোকাবুরা বলে খেলা হবে।’
দীর্ঘ সময় রান না পেলে ব্যাটারদের আত্মবিশ্বাসে প্রভাব পড়ে। তুষারের মতে, কোকাবুরা বলে খেলার ফলে এবার সেই জায়গায় কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যাটাররা। তার ভাষায়, ‘আপনি যখন দুই-তিন বছর পারফর্ম করবেন না, ব্যাটার হিসেবে আপনার আত্মবিশ্বাসের মাত্রা একটু কমে যাবে। কোকাবুরা বলে ফিরে আসায় ব্যাটাররা কিছুটা সুবিধা পেয়েছে। সে কারণেই হয়তো এতগুলো সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি হয়েছে।’
তবে শুধু ব্যাটারদের রান পাওয়াকে নেতিবাচকভাবে দেখছেন না খুলনার কোচ। তার দল সাতটি ম্যাচ খেলে চারটিতে জিতেই চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ ব্যাটিংবান্ধব উইকেটেও ম্যাচ জেতার পথ খুঁজে নিয়েছে দলগুলো।
তুষার বলেন, ‘ম্যাচ ড্র হয়েছে অনেকগুলো, এটা ঠিক। তবে আমরা (খুলনা) সাতটি ম্যাচ খেলেছি, চারটি জিতেছি। সেই ফলের কারণেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’ 
কিন্তু আগামী মৌসুমে কোকাবুরা বলেই খেলা হলে উইকেটে ঘাসের উপস্থিতি বাড়ানোর পক্ষে তুষার। তার মতে, পিচে ঘাস থাকলে কোকাবুরা বলে পেসাররা বেশি সময় ধরে মুভমেন্ট আদায় করতে পারবেন। তাতে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জও বাড়বে।
তুষারের পরামর্শ, ‘উইকেটটা যদি আরেকটু কঠিন হতো, একটু ঘাস থাকত, তাহলে কোকাবুরা বলে যতক্ষণ বল করা যায়, পেসাররা ততক্ষণ মুভমেন্ট পেতেন। সামনের বছরও যদি কোকাবুরা বলে খেলা হয়, তাহলে উইকেটটা আরেকটু কঠিন করে দিলে ব্যাটারদের জন্য কিছুটা কঠিন হবে। খেলাটা আরও চ্যালেঞ্জিং হবে।’ 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২