নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এমপি।
এসময় তিনি বলেন "দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বেকায়দায় ফেলতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশজুড়ে পরিকল্পিতভাবে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। লাকসাম-মনোহরগঞ্জের মাটিতে কোনো সন্ত্রাসী ও নৈরাজ্যকারীর ঠাঁই হবে না। তিনি বলেন - নিষিদ্ধ এই সংগঠনের ব্যানারে বা গোপনে কেউ অফলাইনে মাঠে নামার চেষ্টা করলে কিংবা অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানি ছড়িয়ে সক্রিয় হওয়ার চেষ্টা করলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, "জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে সোপর্দ করতে হবে।" মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু , উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহরুল আলম বাহার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেনসহ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার সিএনজি স্টেশনে গিয়ে শেষ করে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
