রণবীর ঘোষ কিংকর।
প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কুমিল্লার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু করেছে স্থানীয় বিএনপি। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. বাচ্চু মিয়ার বড় ছেলে মো. আনিছুর রহমানকে প্রাথমিকভাবে সমর্থন দিয়েছে দলটির স্থানীয় নেতারা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মাধাইয়া বাজারে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সভায় আনিছুর রহমানকে চেয়ারম্যান পদে বিএনপির প্রাথমিক সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদের প্রধান নির্বাচনী সমন্বয়ক অধ্যক্ষ আবুল কাশেম দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এ ঘোষণা দেন।
সভায় অধ্যক্ষ আবুল কাশেম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়নে যোগ্য প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বিএনপি। দলের নেতা ড. রেদোয়ান আহমেদের নির্দেশনায় সর্বপ্রথম মাধাইয়া ইউনিয়নে মো. আনিছুর রহমানকে প্রাথমিকভাবে সমর্থন দেওয়া হয়েছে। উপজেলার সব ইউনিয়নে প্রার্থী বাছাইয়ের কাজ শেষ হলে ড. রেদোয়ান আহমেদ আনুষ্ঠানিকভাবে সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করবেন।
প্রাথমিক সমর্থন পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় মো. আনিছুর রহমান বলেন, তাঁর বাবা মরহুম মো. বাচ্চু মিয়া দীর্ঘদিন মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন আদর্শিক রাজনৈতিক নেতা ছিলেন। বাবার আদর্শ ও সুনাম ধরে রাখার পাশাপাশি তাঁর রেখে যাওয়া জনসেবার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
সভায় আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে বিএনপি নেতা আবদুস ছামাদ আড়ৎদারকে আহ্বায়ক করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি নেতা ফরিদ হাজী, আলিম কোম্পানী, রাব্বি, মো. মানিক, মামুন, মোবারক মেম্বার, আব্দুর রব, আউয়াল, মালেক, সিরাজুল ইসলাম সিরু মিয়া, অধ্যাপক তপন চন্দ্র দেবনাথসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মাধাইয়া ইউনিয়নে আনিছুর রহমানকে প্রাথমিক সমর্থন দেওয়ার মধ্য দিয়ে চান্দিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থী বাছাই ও সাংগঠনিক তৎপরতা শুরু হলো।
