কুবি প্রতিনিধি:
প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সোমবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রিসোর্ট হোটেলে শুরু হওয়া দুই দিনব্যাপী এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান।
জানা যায়, সম্মেলনের প্রথম দিনেই প্রায় ২০টি দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে।
ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টির বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ আরও দুটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এ সম্মেলনে।
সম্মেলনের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে মশিউর রহমান বলেন, ‘প্রথম দিনেই প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সৌদি আরবের প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার সুফল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইরাসমাস প্লাস প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন মশিউর রহমান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল ডায়ের, মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা জামব্রি আবদুল কাদির এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাফরি বিন মোহাম্মদ রহিম। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন মালয়েশিয়ায় ইরাসমাস প্লাসের ন্যাশনাল ফোকাল পয়েন্টের প্রতিনিধি মোহাম্মদ আরিফিন বিন আবু হাসান।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। পাশাপাশি নতুন অংশীদার খুঁজে বের করা এবং শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি করা।
