সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল স্মরণসভা ২৬ নভেম্বর
বহুমাত্রিক কর্মময় জীবনের নাম জহিরুল হক দুলাল
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১১.২০২৬ ১:৪৭ এএম |

বহুমাত্রিক কর্মময় জীবনের নাম জহিরুল হক দুলালশাহজাহান চৌধুরী ।।
দুলাল ভাই, জহিরুল হক দুলাল-তাঁকে নিয়ে লিখতে গিয়ে দ্বন্দ্বে পড়ে গেলাম। দুলাল ভাইয়ের কোন দিকটি নিয়ে লিখব? একটি মানুষ তাঁর ৭০ বছরের বেশি জীবনে কত কিছুই না করেছেন! মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি-প্রতিটি অঙ্গনে ছিল তাঁর সরব উপস্থিতি। সামাজিক পরিমণ্ডলেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ অবদান। তিনি কুমিল্লা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল বিশাল। ইউসুফ হাইস্কুলের ছাত্র থেকে একসময় হয়েছেন শিক্ষক। কর্মজীবনও কেটেছে প্রিয় ইউসুফ হাইস্কুলে শিক্ষকতা করে। প্রিয় স্কুল তাঁকে দিয়েছে অনেক সম্মান। ১৯৭৮ সালে ইউসুফ হাইস্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে তাঁর ভূমিকা ছিল অসাধারণ। আমি কুমিল্লা হাইস্কুলের ছাত্র হলেও আমার বাসা ছিল ইউসুফ হাইস্কুলের কাছাকাছি। সেই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে তিনি আমাকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। এটি ছিল তাঁর বিশাল মনের পরিচয়।
নিজেও একজন কবি ছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন তাঁর প্রিয় কবি। ১৯৭৭ সালে তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়, যা বর্তমানে একটি সরকারি প্রাথমিক মডেল স্কুল। তিনি ছিলেন একজন অসাধারণ পাঠক। গল্প, উপন্যাস, কবিতা ও ইতিহাস সম্পর্কে তাঁর এত পড়াশোনা ছিল যে যেকোনো বিষয়ে তাঁর ছিল গভীর জানাশোনা।
আজকের নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পেছনেও তাঁর অবদান ছিল। স্কুলজীবন থেকেই তাঁর প্রিয় বন্ধু ছিলেন সরকারের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা আলী ইমাম মজুমদার। ৬৫ বছরের বন্ধুত্বের জীবনে তাঁরা ছিলেন হরিহর আত্মা। আলী ইমাম মজুমদার যখন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জাহানারা বেগমের সচিব ছিলেন, তখন জহিরুল হক দুলালের অনুরোধে কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে উদ্যোগ নিতে তাঁকে অনুরোধ করেন। আলী ইমাম মজুমদার এ ব্যাপারে পদক্ষেপ নেন। অনেক কাঠখড় পুড়িয়ে ২০১৩ সালে কুমিল্লায় নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
জহিরুল হক দুলাল একসময় বীরচন্দ্র গণপাঠাগার তথা টাউন হলের সম্পাদক ছিলেন। দুলাল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়। তখন জহিরুল হক দুলাল বৃহত্তর কুমিল্লা তথা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি ছিলেন আনছার আহমেদ।
১৯৬৯ ও ১৯৭০ সাল ছিল বাঙালি জীবনের টার্নিং পয়েন্ট। উত্তাল রাজপথ। পরাধীনতার শৃঙ্খল ভাঙার বীজটি বপন হয়েছিল সেই সময়। সেই সময় কুমিল্লার কিছু তরুণ-তরুণী একটি সংগঠনের পতাকাতলে একত্র হন। সংগঠনের নাম হয় ‘আমরা জ্যোৎস্নার প্রতিবেশী’। অধ্যাপক বদরুল হাসানকে সভাপতি ও জহিরুল হক দুলালকে সাধারণ সম্পাদক করে কবিতার শানিত পঙ্ক্তিমালা নিয়ে তাঁরা নেমে এসেছিলেন গণজোয়ারে-‘স্বাধিকার চাই, স্বাধীনতা চাই’ স্লোগানে।
জহিরুল হক তখন তাঁর ছড়ার জন্য বিখ্যাত। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি সে সময় ছোট ছোট ছড়া লিখতেন। সেসব ছড়ায় ফুটে উঠত তৎকালীন পূর্ব পাকিস্তানকে কীভাবে শোষণ করা হতো, তার চিত্র। তেমনি একটি ছড়া, যা আমি তখন শুনেছিলাম, তা এখনো মনে আছে-
‘ও মশাই শুনছেন
রোদে পুড়ে জলে ভিজে
যেই ধান বুনছেন
কেড়ে নিতে সেই ধান
মহাজন দিন-ক্ষণ গুনছেন
ও মশাই শুনছেন।’
আমি তখন দশম শ্রেণির ছাত্র। ‘পাকিস্তান দেশ ও কৃষ্টি’ নামক চাপিয়ে দেওয়া বই বাতিলের দাবিতে আন্দোলনে শরিক হয়ে রাজপথে নেমেছি। তখনই চোখে পড়ল, দুলাল ভাই ট্রাকের ওপর দাঁড়িয়ে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতার ফাঁকে ফাঁকে স্বরচিত ছড়া-কবিতা আবৃত্তি করে জনগণকে জাগিয়ে তুলছেন। আমিও ভিড়ে যাই তাঁদের সঙ্গে। দুলাল ভাইয়ের কাছাকাছি থাকার চেষ্টা করি।
জহিরুল হক দুলাল একাধারে ছিলেন তুখোড় ছাত্রনেতা, অন্যদিকে সংস্কৃতিকর্মী। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। কিন্তু বাঙালির জীবনে নেমে আসে মেঘের ঘনঘটা। বাঙালি জাতি দেশের ক্ষমতা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও ১৯৭১ সালের ২৫ মার্চের পর হাতে অস্ত্র তুলে নিয়ে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়তে হয়।
জহিরুল হক দুলালও মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন। যুদ্ধ চলাকালে কিছু শিক্ষিত ছাত্র ও ছাত্রনেতাকে বিশেষ প্রশিক্ষণের জন্য ২ নম্বর সেক্টর থেকে পাঠানো হয়। দুলাল ভাই এবং তৎকালীন ভিক্টোরিয়া কলেজের ছাত্রনেতা ও ভিপি শাহ আলম সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে দুলাল ভাই ফিরে এসে ২ নম্বর সেক্টরের কে-ফোর্সের প্রধান খালেদ মোশাররফের পিএস হিসেবে নিয়োগ পান।
মুক্তিযুদ্ধ চলাকালে দুলাল ভাই রণাঙ্গনের খবর নিয়ে একটি পত্রিকা সম্পাদনা করেন। পত্রিকাটি এপারের অবরুদ্ধ মানুষকে সাহস জুগিয়েছিল।
নয় মাস যুদ্ধের পর দেশে ফিরে একসময় তিনি রাজনীতি থেকে বেরিয়ে আসেন এবং সাহিত্য-সংস্কৃতিতে সময় দিতে শুরু করেন। সংস্কৃতির অঙ্গনে, বিশেষ করে সাংবাদিকতায়, কুমিল্লা থেকে প্রকাশিত ‘ফলক’ পত্রিকার প্রতিনিধি হিসেবে তিনি কুমিল্লা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। একসময় কিছুদিন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।
জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বহু সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ‘আমরা জ্যোৎস্নার প্রতিবেশী’ সংগঠনের মাধ্যমে আয়োজন করেছেন অসংখ্য কবিতানুষ্ঠান। তিনি বহু স্মরণিকা সম্পাদনা করেছেন এবং ছড়ার সংকলন প্রকাশ করেছেন। তাঁর প্রথম ছড়াগ্রন্থ ‘মাখবো গায়ে ফুলের রেণু’।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমার লেখা ‘হৃদয়ে মুক্তিযুদ্ধ’ গ্রন্থের ভূমিকায় তিনি লিখেছেন-
“শাহজাহান চৌধুরী মূলত নাটকের মহাজন। নাটক নিয়ে তাঁর উৎসাহ প্রবল, উদ্যোগ সীমাহীন। বস্তুত নাট্যচর্চাকে তিনি আরাধনার পর্যায়ে নিয়ে গেছেন। শাহজাহান চৌধুরী আর নাটক অবিচ্ছেদ্য ও অবিভাজ্য।
আবার ফটোগ্রাফার হিসেবেও তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি। অ্যামেচার। আর কাজটি তিনি করেন প্রবল উৎসাহ ও দারুণ নিষ্ঠায়। তাঁর রয়েছে দুর্লভ ছবির এক বিশাল ভান্ডার। ছবিগুলো কালক্রমিকভাবে সাজিয়ে যদি একটি অ্যালবাম তৈরি করা হয়, তাহলে তা হবে কুমিল্লার সাংস্কৃতিক বিকাশের একটি প্রামাণ্য দলিল।
লেখালেখিও করেন তিনি। যদিও সে অর্থে তিনি সাহিত্যিক নন। সে দাবিও করেননি কখনো। কিন্তু তাঁর প্রতিটি বই বিষয়বস্তু ও অনাড়ম্বর ভাষাশৈলীর জন্য সমাদৃত। পেয়েছে পাঠকপ্রিয়তা। সম্প্রতি তিনি মুক্তিযুদ্ধ নিয়ে একটি বই রচনা করেছেন, যা অচিরেই পাঠকের হাতে পৌঁছবে, ‘হৃদয়ে মুক্তিযুদ্ধ’।
মুক্তিযুদ্ধ আমাদের উত্থানের ইতিহাস। বিজয়ের ইতিবৃত্ত। এই যুদ্ধ সংঘটিত হয়েছে বিশাল এলাকাজুড়ে। দেশের ভিতরে, দেশের বাইরে। অবরুদ্ধ বাংলাদেশের প্রতিটি মানুষ এই জনযুদ্ধে সম্পৃক্ত হয়েছে, অস্ত্র হাতে যুদ্ধ করুক আর নাই করুক। বিশ্লিষ্ট থাকার কোনো সুযোগই ছিল না তখন। যারা যুদ্ধে যেতে পারেনি, যাওয়ার উপায়ও ছিল না, তারাও সহায়ক ভূমিকা পালন করেছে। যোদ্ধাদের করেছে সহযোগিতা। দিয়েছে আশ্রয়, খাদ্য। দিয়েছে শত্রুর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। সর্বোপরি যুগিয়েছে সর্বাত্মক সমর্থন ও সাহস। সেই অর্থে প্রতিটি বাঙালিই মুক্তিযোদ্ধা-কতিপয় কুলাঙ্গার ছাড়া।
শাহজাহান চৌধুরী মুক্তিযুদ্ধে যাননি। বয়স কম বলে তাঁকে ফিরে আসতে হয়। কিন্তু মুক্তিযুদ্ধ তাঁকে তাড়িয়ে বেড়িয়েছে সারা জীবন। মুক্তিযুদ্ধ তাঁর আবেগ, বিশ্বাস ও প্রতীতি। তাঁর লেখালেখির বিস্তৃত জায়গাজুড়ে রয়েছে অহংকারের একাত্তর। তাঁর রোজনামচায় ধরে রেখেছেন একাত্তরের অনাবিল স্মৃতি। কুমিল্লা শত্রুমুক্ত হয় ৮ ডিসেম্বর। সেই আনন্দঘন দিনটিকে তুলে ধরেছেন তাঁর অন্তরঙ্গ রচনায়। বধ্যভূমি ও গণকবরের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন সর্বত্র। হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা তারামন বিবিকে কুড়িগ্রাম থেকে তুলে এনে দিয়েছেন সংবর্ধনা, জানিয়েছেন সম্মান। খুঁজে খুঁজে বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ বেতারে নিয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছেন, শুনেছেন তাঁদের বীরত্বের কাহিনি। ৪০ জন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক বই ‘৪০ মুক্তিযোদ্ধার জবানবন্দি’ প্রকাশ করেছেন। স্মৃতিসৌধও তাঁকে কম আকর্ষণ করেনি। তার বিস্তারিত বিবরণও দিয়েছেন সাবলীল ভাষায়।”
দুলাল ভাইয়ের সঙ্গে একসময় দূরত্ব কমে যায়। বহু অনুষ্ঠানে আমরা পাশাপাশি বসে উপভোগ করেছি। আবার তিনি ও আমি দুজনই কুমিল্লার গৌরব ‘দি কুমিল্লা ক্লাব’-এর সদস্য। ক্লাবে প্রায় প্রতিদিনই তাঁর সঙ্গে দেখা হতো।
হঠাৎ শুনলাম, দুলাল ভাই অসুস্থ। বহুদিন তিনি ঢাকায় হাসপাতালে কাটিয়ে কুমিল্লায় ফিরলেন। ‘আমরা জ্যোৎস্নার প্রতিবেশী’ ও কুমিল্লা ক্লাবের উদ্যোগে তাঁকে ঘিরে একরকম বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ঢাকা-চট্টগ্রাম থেকে অনেকেই এসেছিলেন। একাধারে তাঁর শরীরে অনেকগুলো ব্যাধি বাসা বেঁধেছিল। যে কারণে একসময় তিনি শয্যাশায়ী হয়ে পড়েন।
গত ৭ নভেম্বর রাত ১১টায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন যে টাউন হলের মুক্তমঞ্চে তিনি সময় কাটিয়েছেন, সেখানেই তাঁর মরদেহ রাখা হয়।
এর আগে কুমিল্লা প্রেসক্লাবে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। টাউন হল মাঠে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এরপর তাঁর বাড়ির পাশে ছোটরা মৌলভীপাড়া ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
লেখক: অভিনেতা, আলোকচিত্রী ও নাট্যসংগঠক















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২