শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
সাহিত্য সাময়িকী
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

সাহিত্য সাময়িকী

শিউলিমালা : প্রেম, প্রতীক্ষার অনন্য আখ্যান
সফিকুল বোরহান ।।
‘একটু আগের বর্ষা-ধোওয়া ছলছলে আকাশ। যেন একটি বিরাট নীল পদ্ম। তারির মাঝে শরতের চাঁদ যেন পদ্মমণি।’ আবার ‘ও যেন স্পর্শাতুর কামিনী ফুল, আমি যেন ভীরু ভোরের হাওয়াÑ যত ভালবাসা তত ভয়। ও বুঝি ছুঁলেই ধূলায় ঝ’রে পরবে।’ কিংবা ‘আর তারে সাথে দেখা হয়নিÑ হবেও না। একটু হাত বাড়ালেই হয়ত তাকে ছুঁতে পারি, এত কাছে থাকে সে। তবু ছুঁতে সাহস হয় না। শিউলি ফুলÑ বড় মৃদু, বড় ভীরু, গলায় পড়লে দু’দুণ্ডে আউরে যায়! তাই শিউলি ফুলের আশি^ন যখন আসেÑ তখন নীরবে মালা গাঁথি আর জলে ভাসিয়ে দিই।’ এমন সব হৃদয়িক কথামালা দিয়ে কাজী নজরুল ইসলামের ‘শিউলিমালা’ এক প্রেমগল্প, যার সৌন্দর্য কেবল প্রেমিক-প্রেমিকার মিলন কিংবা বিচ্ছেদের মধ্যে সীমাবদ্ধ নয়। এর গভীরতা ছড়িয়ে আছে মানুষের মনস্তত্ত্বে, প্রেমের আত্মনিবেদনে, স্মৃতির দীর্ঘস্থায়িত্বে এবং প্রকৃতির সঙ্গে মানুষের অনুভূতির এক আশ্চর্য মেলবন্ধনে। এ গল্পে আজহার ও শিউলির ছবি উঠে এসেছে, সেখানে দুটি স্বতন্ত্র ব্যক্তিত্বের চমৎকার সম্মিলন লক্ষণীয়। আজহার ব্যারিস্টারি পেশার মানুষ, বুদ্ধিদীপ্ত, যুক্তিবাদী, তুখোড় দাবাড়ু, চমৎকার ঠুংরী গায়। অন্যদিকে শিউলিও নিছক আবেগপ্রবণ কোনো তরুণী নয়; সে বুদ্ধিমতী, আত্মপ্রত্যয়ী, দাবার বোর্ডে সমান প্রতিদ্বন্দ্বী, অথচ প্রেমের জায়গায় অকুণ্ঠ ও হৃদয় উজাড় করা এক নারী। এই দুই মানুষের সম্পর্কের সৌন্দর্য এখানেইÑ তাঁরা পরস্পরের কাছে কেবল আকর্ষণের মানুষ নন, তাঁরা পরস্পরের বুদ্ধিবৃত্তিক ও মানসিক প্রতিদ্বন্দ্বীও। দাবার বোর্ডে প্রথম পরিচয়, হৃদয়ের বোর্ডে আজীবন পরাজয়। গল্পের শুরুতেই নজরুল আমাদের পরিচয় করিয়ে দেন কলকাতার এক প্রতিষ্ঠিত তরুণ ব্যারিস্টার আজহারের সঙ্গে। পেশাগত জীবনে প্রতিষ্ঠা থাকলেও আজহারের আসল নেশা দাবা। দাবার জগতে সে অসাধারণ দক্ষ। আলেখিন, ক্যাপাব্লাঙ্কা, রুবিনস্টাইনদের খেলার চাল নিয়ে তার গভীর আগ্রহ। বন্ধুদের কাছে সে একজন দুর্ধর্ষ দাবাড়ু।
ব্যারিস্টারি পাস করে আজহার বেড়াতে যায় শিলংয়ে। সেখানেই পরিচয় হয় অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী এবং তাঁর মেয়ে শিউলির সঙ্গে। প্রথম দেখাতেই শিউলির মধ্যে সে খুঁজে পায় শরতের শিউলি ফুলের স্নিগ্ধতা। গোধূলি রঙের শাড়ি, শুভ্র মুখ, কোমল অথচ
দীপ্তিময় উপস্থিতিÑ সব মিলিয়ে শিউলি যেন প্রকৃতিরই এক মানবী প্রতিচ্ছবি। কিন্তু শিউলির বিশেষত্ব শুধু তার রূপে নয়। সেও দাবা খেলতে জানে, বাবার সঙ্গে সমান তালে খেলতে পারে। আজহারের মতো একজন আন্তর্জাতিক মানের দাবাড়ুর সামনে বসেও সে বিচলিত হয় না। প্রথম খেলায় আজহার শেষ পর্যন্ত শিউলিকে পরাজিত করলেও তার খেলার প্রশংসা করতে বাধ্য হয়। এখানে নজরুলের নারীচরিত্র নির্মাণের একটি গুরুত্বপূর্ণ দিক লক্ষণীয়। শিউলি কেবল পুরুষের মুগ্ধতার বস্তু নয়; তার নিজস্ব বুদ্ধি, দক্ষতা, রুচি ও ব্যক্তিত্ব রয়েছে। সে প্রেমের গল্পের নায়িকা হওয়ার আগে একজন স্বতন্ত্র মানুষ। আজহার ও শিউলির সম্পর্কের বিকাশে দাবার পাশাপাশি সংগীত সাযুজ্যময়। প্রথম দিনের পরিচয়ের পর আজহার নিয়মিত অধ্যাপক চৌধুরীর বাড়িতে যেতে শুরু করে। দাবার
আসর বসে, গান হয়, কথাবার্তা চলে। একসময় আজহার শিউলিকে গান শেখাতে শুরু করে। শিউলির কণ্ঠে যে দরদ ও স্বতঃস্ফূর্ততা, তা আজহারকে গভীরভাবে আলোড়িত করে। শিউলির গান শুনে আজহারের চোখে জল আসে। এই অশ্রু কেবল সংগীতের আবেগ নয়; এর মধ্যে এমন এক অনুভূতির জন্ম হচ্ছে, যার ভাষা সে নিজেও তখনো খুঁজে পায়নি। নজরুল এখানে প্রেমকে মুখের উচ্চারণে সীমাবদ্ধ রাখেননি। দুটি মানুষের চোখ, গান, নীরবতা এবং পরস্পরের উপস্থিতির মধ্য দিয়ে ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। আজহার
নিজেও শিউলিকে গান শেখাতে গিয়ে নিজের গানের সমস্ত সঞ্চয় যেন তার কণ্ঠে ঢেলে দেয়।
গল্পের একটি অসাধারণ অনুভব হলোÑ তাদের মালাবদল হয়নি, কিন্তু কণ্ঠের আদান-প্রদান ঘটেছে। অর্থাৎ, সামাজিকভাবে সম্পর্কের কোনো স্বীকৃতি না পেলেও আত্মিকভাবে তারা পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছে। এ যেন ভালোবাসার এক অদৃশ্য বিনিময়।
আজহার শিলংয়ে দেড় মাস থাকে। এই সময়ের মধ্যে অধ্যাপক চৌধুরীর পরিবারের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তৈরি হয়। বাড়ির সবাই তাকে আপন করে নেয়। শিউলির সঙ্গে তার অবাধ মেলামেশা, গান শেখানো, একসঙ্গে সময় কাটানোÑ সবকিছুতেই এক ধরনের স্বাভাবিক ঘনিষ্ঠতা তৈরি হয়। অথচ আশ্চর্যের বিষয়, এত কাছাকাছি থেকেও কেউ কাউকে ভালোবাসার কথা সরাসরি বলতে পারে না।
একদিন ভোরে শিউলির গানের শব্দে আজহারের ঘুম ভাঙে। শিউলি গাইছেÑ ‘এখন আমার সময় হল যাবার দুয়ার খোলো খোলো।’
গানের কথার মধ্যেই যেন বিদায়ের আশঙ্কা। আজহার বুঝতে পারে, তার চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। শিউলি একদিন তার টেবিলে শিউলি ফুলের অঞ্জলি রেখে প্রশ্ন করে, ‘সে কি পরদিনই চলে যাচ্ছে?’ তার চোখেও জল। কিন্তু আজহার কোনো সাহসী উচ্চারণ করতে পারে না। শিউলিও কোনো দাবি জানায় না। এখানেই গল্পটির মনস্তাত্ত্বিক গভীরতা। কখনো কখনো মানুষ সবচেয়ে প্রয়োজনীয় কথাটিই বলতে পারে না। ভালোবাসা থাকে, অধিকারবোধ থাকে, বিচ্ছেদের ভয় থাকেÑ তবু উচ্চারণ থাকে না। নজরুল এই নীরবতাকে দুর্বলতা হিসেবে নয়, এক ধরনের গভীর অনুভূতির জগৎ হিসেবে নির্মাণ করেছেন।
জীবনের কাছে আজহারের পরাজয়, গল্পের সবচেয়ে মর্মস্পর্শী অংশটি আসে বিদায়ের আগের সন্ধ্যায়। আজহার জানে, তাকে চলে যেতে হবে। শিউলিও জানে। অধ্যাপক চৌধুরীও সম্ভবত তাদের দুজনের মনের অব্যক্ত কথাগুলো বুঝতে পারেন। সেই সন্ধ্যায় আজহার শিউলিকে প্রশ্ন করে, ‘আবার যখন এমন আশ্বিন মাস, এমন সন্ধ্যা আসবে, তখন সে কী করবে?’
শিউলির উত্তরÑ ‘শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিয়ো।’ আজহার পাল্টা জানতে চায়, ‘শিউলি তখন কী করবে?’
শিউলি বলেÑ ‘আশ্বিনের শেষে তো শিউলি ঝরেই পড়ে!’
কী অসামান্য উত্তর! এই সামান্য কথার মধ্যে কতখানি আত্মসমর্পণ, কতখানি অভিমান, কতখানি বিচ্ছেদের পূর্বাভাস! শিউলি যেন জানিয়ে দেয়, প্রকৃতির নিয়মে যেমন ফুল ঝরে যায়, মানুষের জীবনেও কিছু ভালোবাসা পূর্ণতা পাওয়ার আগেই ঝরে পড়ে। তার জন্য
কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। আছে শুধু এক অনিবার্য বিষণ্নতা। এরপর বসে শেষ দাবার আসর। অধ্যাপক চৌধুরী আজহারের কাছে হেরে যান। কিন্তু আজহার শিউলির কাছে হেরে যায়। নজরুলের এই পরাজয়ের বর্ণনা অসাধারণ। দাবার বোর্ডে হার-
জিতের চেয়েও বড় হয়ে ওঠে জীবনের হার। আজহার নিজেই বলে, জীবনে এটাই তার প্রথম ও শেষ হার। আর সেই হারই তার গলার হার হয়ে রইল। এই একটি জায়গায় দাবা নিছক খেলা থাকে না। হয়ে ওঠে জীবনের প্রতীক। যে মানুষটি অন্যদের চাল বুঝতে পারত, প্রতিপক্ষের কৌশল আগেভাগে অনুমান করতে পারত, সে নিজের হৃদয়ের আকাক্সক্ষার সামনে অসহায় হয়ে পড়ে।
স্মৃতির কাছে এক মানুষের আত্মসমর্পণ। আজহার কলকাতায় ফিরে আসে। শিউলির সঙ্গে তার আর কখনো দেখা হয় না। কিন্তু শিউলি তার জীবন থেকে হারিয়ে যায় না। প্রতি বছর পয়লা আশ্বিনে সে শিউলি ফুলের মালা গেঁথে জলে ভাসিয়ে দেয়। কেন এই আয়োজন?
কাকে উদ্দেশ করে এই মালা? বন্ধুরা জানতে চায়। আজহার প্রথমে এড়িয়ে যায়। পরে তার জীবনের সেই অসমাপ্ত প্রেমের গল্প শোনায়। এখানে শিউলি ফুলের প্রতীকী তাৎপর্য অসাধারণ। শিউলি ফুলের জীবন ক্ষণস্থায়ী। রাতের অন্ধকারে ফুটে ওঠে, ভোরের আলোয় ঝরে পড়ে। তার সৌন্দর্য যেমন কোমল, তেমনি তার স্থায়িত্বও সামান্য। অথচ ঝরে পড়ার পরও তার গন্ধ থেকে যায়। ঠিক তেমনি শিউলি নামের মেয়েটিও আজহারের জীবনে স্বল্প সময়ের জন্য এসেছিল, কিন্তু তার স্মৃতি আজীবনের সঙ্গী হয়ে রইল।
আজহার শিউলিমালা জলে ভাসায়। সে জানে, সেই মালা শিউলির কাছে পৌঁছাবে না।
শিউলি হয়তো জানেও না, কেউ একজন প্রতি বছর তার স্মৃতিতে এমন আয়োজন করে। তবু আজহার এই কাজটি করে যায়। কারণ ভালোবাসার সব আয়োজন প্রিয় মানুষের কাছে পৌঁছানোর জন্য হয় না। কিছু আয়োজন নিজের হৃদয়ের কাছে দায়বদ্ধ থাকার জন্য। এই জায়গাতেই গল্পটি সাধারণ প্রেমের কাহিনি থেকে অসাধারণ সাহিত্য হয়ে ওঠে। নারী, প্রকৃতি ও প্রেমের একাকার রূপ। নজরুল শিউলিকে কেবল সুন্দরী তরুণী হিসেবে আঁকেননি। তার মধ্যে রয়েছে বুদ্ধিমত্তা, সংগীতবোধ, আত্মমর্যাদা, সংবেদনশীলতা এবং
গভীর আবেগ। সে দাবা খেলে, গান গায়, ভালোবাসে; কিন্তু ভালোবাসার জন্য নিজেকে ছোট করে না। আজহারের কাছে তার কোনো দাবি নেই। অথচ তার চোখের জল, বিদায়ের সময়ের প্রশ্ন, শিউলি ফুলের অঞ্জলি এবং আশ্বিনের সেই শেষ কথাগুলোয় তার সমস্ত হৃদয়ের পরিচয় পাওয়া যায়।
আর অধ্যাপক চৌধুরীর চরিত্রটিও উপেক্ষা করার নয়। তিনি শুধু একজন দাবাড়ু পিতা নন; তিনি এমন এক সংবেদনশীল মানুষ, যিনি তরুণ দুটি মানুষের নীরব অনুভূতির অভিঘাত উপলব্ধি করতে পারেন। তাঁর উপস্থিতি গল্পের আবেগকে আরও মানবিক করেছে।
‘শিউলিমালা’র সবচেয়ে বড় শক্তি এর অসমাপ্তি। আমরা সাধারণত প্রেমের গল্পে পরিণতি খুঁজি। প্রেমিক-প্রেমিকার মিলন হবে, সংসার হবে, কিংবা বিচ্ছেদের কোনো স্পষ্ট কারণ থাকবেÑ এমন প্রত্যাশা থাকে। কিন্তু নজরুল আমাদের অন্য এক অভিজ্ঞতার সামনে দাঁড়
করান। এখানে প্রেমের পথে কোনো বড় সামাজিক সংঘাত নেই, কোনো নাটকীয় বাধা নেই, কোনো তৃতীয় পক্ষের ষড়যন্ত্র নেই। আছে শুধু দুটি মানুষের নীরবতা এবং সময়ের অনিবার্য বিচ্ছেদ। এমনকি আজহারের চলে যাওয়ার পেছনেও কোনো নাটকীয় ঘটনা নেই।
সে চলে যায়, কারণ জীবনের নিয়মে তাকে চলে যেতে হয়। শিউলি থেকে যায়, কারণ তারও নিজস্ব জীবন আছে।
প্রশ্ন জাগে, ভালোবাসার জন্য কি সব সময় অধিকার প্রতিষ্ঠা করতে হয়? ভালোবাসার মানুষকে কাছে পেলেই কি ভালোবাসা পূর্ণ হয়? নাকি কখনো কখনো কাউকে না পেয়েও তার স্মৃতিকে সারা জীবন বহন করাই প্রেমের সবচেয়ে গভীর প্রকাশ? নজরুল যেন শেষ
প্রশ্নটির দিকেই আমাদের নিয়ে যান। আজহার দাবার বোর্ডে অসংখ্য চাল দিতে পারে, কিন্তু জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সে কোনো চাল দিতে পারে না। যে কথাটি বলা দরকার ছিল, তা বলতে পারে না। যে হাতটি বাড়ানো দরকার ছিল, তা বাড়াতে পারে না। পরে সেই না-বলা কথাই তার জীবনের দীর্ঘতম স্মৃতি হয়ে থাকে।
গল্পের শেষের দিকে আজহারের অনুভূতির মধ্যে এই বেদনা আরও স্পষ্ট। শিউলিফুলকে সে গলায় পরাতে ভয় পায়। কারণ ফুলটি বড় কোমল, বড় ভীরু; গলায় পরলেই ঝরে যেতে পারে। এই অনুভূতির মধ্যে যেন শিউলিকে হারানোর ভয় এবং তার পবিত্র স্মৃতিকে অক্ষত রাখার আকাক্সক্ষা একাকার হয়ে গেছে।
নজরুলকে আমরা প্রধানত বিদ্রোহী কবি হিসেবে চিনি। তাঁর কবিতায় দ্রোহ, সাম্য, মানবমুক্তি, প্রেম ও প্রকৃতির প্রবল উপস্থিতি। কিন্তু ‘শিউলিমালা’ পাঠ করলে আরেক নজরুলকে আবিষ্কার করা যায়Ñ যিনি মানুষের নিভৃত মনোজগৎ, প্রেমের সূক্ষ্ম অনুভূতি এবং অনুচ্চারিত বেদনার অসাধারণ রূপকার। এই গল্পে তাঁর ভাষা কোথাও সংযত, কোথাও সংগীতময়, কোথাও গভীরভাবে কাব্যিক। প্রকৃতির বর্ণনা, গানের প্রসঙ্গ, দাবার চাল এবং শরতের আবহÑ সবকিছু মিলিয়ে তিনি এমন একটি আবেগময় পরিমণ্ডল তৈরি করেছেন, যা গল্প শেষ হওয়ার পরও পাঠকের মনে থেকে যায়। ‘শিউলিমালা’র সবচেয়ে বড় সার্থকতা হলো, এটি আমাদের শেখায়Ñ সব প্রেমের পরিণতি মিলন নয়, সব বিচ্ছেদের পরিসমাপ্তিও বিস্মৃতি নয়। কিছু মানুষ জীবনে আসে ঋতুর মতো। তাদের সঙ্গে আমাদের সময় ফুরিয়ে যায়, অথচ তাদের স্মৃতি ফুরোয় না। তারা চলে যায়, কিন্তু তাদের জন্য মনের ভেতর একটি আশ্বিন চিরকাল বেঁচে থাকে। আজহার সেই আশ্বিনকে বাঁচিয়ে রেখেছে শিউলির মালায়। আর এখানেই গল্পটির সবচেয়ে চোখভেজা সৌন্দর্য।
শরতের কোনো এক সন্ধ্যায় যখন শিউলি ফুলের গন্ধ ভেসে আসে, যখন রাতের শিশিরে সাদা ফুলগুলো ঝরে পড়ে ঘাসের ওপর, তখন মনে হয়Ñ কোথাও না কোথাও হয়তো আজও কোনো আজহার নীরবে মালা গাঁথছে। তার সামনে কোনো শিউলি নেই, কোনো দাবার বোর্ড নেই, কোনো বিদায়ের আয়োজন নেই। আছে শুধু একটি নাম, একটি আশ্বিন এবং একটি অসমাপ্ত ভালোবাসা।
শিউলিমালা আসলে একটি ফুলের মালার গল্প নয়; এটি মানুষের স্মৃতিতে ভালোবাসাকে অমর করে রাখার গল্প। এই গল্পের শেষাংশ পড়তে গিয়ে মনে হয়, আজহারের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি শিউলিকে পাওয়া নয়, বরং শিউলিকে হারিয়েও তার ভালোবাসার সৌন্দর্যটুকু নষ্ট না হতে দেওয়া। যে প্রেম সংসার পায়নি, সে প্রেম স্মৃতির মধ্যে এক আশ্চর্য দীর্ঘ জীবন পেয়েছে।
সফিকুল বোরহান
কথাসাহিত্যিক
অন্বেষা, রানির দিঘির পূর্ব পাড়, কুমিল্লা


 


বেদের জীবন কাব্য
আহাম্মেদ কবীর
বেদে হলো জল-যাযাবর, নৌকা তাদের বাড়ি
সাপের খেলা, তাবিজ-কবচ, ভেলকি যাদুর গাড়ি
ভেষজ ওষুধ বিক্রি করা, দাঁতের পোকা তোলা
সরলতায় জীবন- যাপন, মনটা তাদের খোলা।
ইন্দো- আর্য সম্প্রদায়ের অনার্য এক মানুষ
“ঠার’’ ভাষাতে কথা বলে, উড়ায় মনের ফানুশ-
ধর্মে সবাই মুসলিম হলেও লোকবিশ^াস আছে
সর্বপ্রাণবাদ মনন তাদের, দেখবে গেলে কাছে।
বিদেশীরা জিপসী ডাকে,সর্পজীবীও বলে
আরাকানের ‘মনতুং’ নামে আদিবাসীর দলে
ভিন্নমতে নর্থ ইণ্ডিয়ার যাযাবরের বংশ
সেখান থেকে এসে হলো, বাংলাদেশী অংশ।
পিতৃতান্ত্রিক সমাজ তাদের, গোত্র আছে আটটি
সাপুড়িয়া, মালবেদ- টোলা, বেরিয়ালে চারটি-
মিরশিকারী, সান্দার-গাইন, বাজিকরের নামটি।
নিয়ে যে আট বলে বেদেও, আছে এখন দামটি
বাংলা ভাষায় বেদে মানে, ঘুরে বেড়ায় যারা
বাদিয়া নাম বেদেনি বা মান্তা- বাইদ্যা তারা।
গল্পে আছে, উপন্যাসে , সিনেমাতে বেদে
সেই কাহিনী দেখে মানুষ মরছে সবাই কেঁদে।
মাতৃতান্ত্রিক প্রভাব বেশী, উপার্জনে নারী
পরিবারের ভরণপোষণ ভরায় ঘরের হাড়ি-
রাস্তায় নেমে বেদে নারী বিক্রি করে পণ্য
নানাভাবে মুগ্ধ খেলায় জীবন তাদের ধন্য।
সর্দার প্রথা আছে তাদের, সমাজ জুড়ে হয়তো
গ্রাম পঞ্চায়েত করছে বিচার, নিয়ম মেনে নয়তো
পরিবারের সবাই মিলে আয় উপার্জন করছে
বাঁচার নানান আশা নিয়ে, সবাই এখন লড়ছে।
উৎসবেতে বেদে সমাজ নিজের নিয়ম মানে
মুসলমানের ঈদের খুশি আছে ওদের প্রাণে-
পৌষ সংক্রান্তি, নবান্নতে পিঠা- পুলি বানায়
নৃত্য-গানে পরস্পরকে ভালবাসা জানায়।
সাপের পূজা, মনসা গান, পদ্মপুরাণ পাঠে
 বেদে-সমাজ ছুটে যে যায়, বিনোদনের মাঠে-
 নৌকা তৈরি হলে তারা পানিতে তা ভাসায়
 দোয়া- উৎসব পালন করে, পুণ্য লাভের আশায়।
সাংস্কৃতিক রাত উৎসবেরো, ঢোল- বাঁশি যে বাজায়
 নৃত্য-গানের গল্প কথায় বেদে জীবন সাজায়Ñ
 পোশাক পওে, অলংকারেদেখায় নারী সাজ
আলোকিত রূপের ছোঁয়ায়,রাঙায় মাথার তাজ।
বিয়ে নিয়ে বেদে সমাজ মানে তাদের নীতি
পাত্রী গিয়ে পাত্র খোঁজে, এটাই তাদের রীতি।
পাত্রকে তাই জানতে হবে, সাপ ধরারো কাজÑ
 সাঁতার কাটা, নৌকা বাওয়া, উপার্জনের সাজÑ
দক্ষ হলে কণে পক্ষ সম্মতি যে দেয়
বরকে তখন বিয়ে করে ঘরে তুলে নেয়। 
 বেদে সমাজ খাদ্য- ভোজন করছে নিজের মতো
নদীর মাছে আগ্রহটা আছে ওদের যত
 নৌকাতে যে রান্না চলে, খুব সাধারণ সেটা
শুঁটকি প্রিয় হয়তো কারণ সহজলভ্য সেটা।
 বেদের জীবন , বেদের সমাজ, হয়তো কিছু ভিন্ন
কর্ম-খোঁজে ছুটছে নারী, এটাই তাদের চিহ্ন-
এক সমাজে থেকেও তারা ভিন্ন রীতি মানছে
তাইতো এখন সবাই তাদের, মূল সমাজে টানছে।



কার্তিকের মুকুরে ইয়াসিন আশরাফ 

ওরা ভাবে আমার আকাশে অনেক তারা আছে 
সেই তারাদের কাছ থেকে আলো নিয়ে আমি 
তাদের পথ দেখিয়ে দেবো 
যে আমাকে নামালো এই গ্রহে 
ওরা তো জানে না সে কবে থেকেই 
বিক্রি করে চলেছে
 মুখোশ আর দানবের প্রতিকৃতি 
আজকাল ব্যথাগণ কিছুতেই 
নীরব থাকতে চাইছে না 
মুহম্মদ রফি'র কন্ঠে সেদিন 
বৈজুবাওড়া হাত রেখেছিলেন
 তাঁর ব্যথা কি তবুও কমেছিল!
যারা আমার কাছ থেকে আকাশের চাঁদ চায়
তারা তো ব্যথায় কাঁদে অমাবস্যায়
 তারা কি পারে না ছুটে যেতে মুক্ত বারান্দায়!
 যেখানে প্রতীক্ষায় আছে গোলাপ আর
 কাঁটা নিয়ে কেউ
 কার্তিকের মুকুরে দেখি তারই প্রতিচ্ছবি।

 

উদ্বেগ
-মাসুমুর রহমান মাসুদ
মাঝ রাতে আকাশের সব তারা
ঐক্যবদ্ধ আলো দিচ্ছে
চারিদিকে ঘুমন্ত মানুষের
শ্বাস-প্রশ্বাসের শব্দ
এদিকে আমার চোখে ঘুম নেই
পৃথিবীর সমস্ত চিন্তা এসে
ভর করেছে আমার মস্তিষ্কে
শত কোটি টন কার্বন নির্গত করছে মানুষ!
প্রকৃতিকে কলুষিত করছে
অতটা কার্বন কীভাবে গ্রহণ করছে
কীভাবে শত কোটি মানুষের
অক্সিজেনের যোগান দিচ্ছে প্রকৃতি?
সামান্য অক্সিজেন সঙ্কট হলে
মেরু বরফের গলিত জলে
ভেসে যাবে সমূহ মানব বসতি!
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২