শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩
আমাদের আনোয়ার ভাই: কবিতা, নাটক আর বন্ধুত্বের এক অনন্য অধ্যায়
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

আমাদের আনোয়ার ভাই: কবিতা, নাটক আর বন্ধুত্বের এক অনন্য অধ্যায়শাহজাহান চৌধুরী ।।
আনোয়ারুল হক আনোয়ার ভাইয়ের সঙ্গে কীভাবে পরিচয় হয়েছিল, এই মুহূর্তে তা মনে পড়ছে না। সত্তরের দশকে ইত্তেফাক গ্রুপ থেকে ‘চিত্রালী’ নামে একটি বিনোদন পত্রিকা বের হতো। চিত্রালীতে সিনেমাজগতের নানা খবর প্রকাশিত হতো। সেখানে ‘আপনাদের চিঠি’ নামে একটি পাতা ছিল, যেখানে পাঠকেরা চিঠি লিখতেন। পাতাটির দায়িত্বে ছিলেন এ টি এম হাই। চলচ্চিত্রজগতের খবর ছাড়াও ব্যক্তিগত কিংবা মজার মজার নানা প্রশ্নের উত্তর থাকত সেখানে। পাতাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে, অনেকের কাছে চিত্রালী পড়ার চেয়ে চিঠিপত্রের পাতাটিই বেশি আকর্ষণীয় ছিল।
সেই চিঠিপত্রের পাতায় আনোয়ার ভাই লিখতেন ‘কুরঙ্গ নয়না’ নামে। আমি লিখতাম ‘মিতা চৌধুরী’ নামে। আমাদের আরেক বন্ধু আনোয়ার লিখতেন ‘আনু চৌধুরী’ নামে, আর সাইফুদ্দিন খালেদ চৌধুরী লিখতেন ‘শানাবা’ নামে। তখনো আনোয়ার ভাইকে সরাসরি চিনতাম না।
এরপর যখন সুইট হোমকেন্দ্রিক আড্ডায় জড়িয়ে গেলাম, সেখানে ফরিদ মজহার, হাসান ফিরোজসহ অন্যদের সঙ্গে আনোয়ার ভাইকে দেখলাম। তখন জানলাম, তিনি একজন কবি। এঁরা সবাই আসতেন বাগিচাগাঁও থেকে। বাগিচাগাঁওয়ের আরও দুজন কবি ছিলেন মিয়া বাদল বৈরাগী ও আবু জাফর। তাঁরা সবাই বাগিচাগাঁও থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘রূপসী বাংলা’র সম্পাদক কবি আবদুল ওহাবের কাছে আড্ডা দিতেন। সেখানে জহিরুল হক দুলাল ভাই, আলী হোসেন চৌধুরী, শওকত হাসান ফারুক, আলাউদ্দিন তালুকদার, রেজাউল করিম শামীমও আসতেন। আমিও তাঁদের সঙ্গে ভিড়ে গেলাম।
১৯৬৯ সালে জহিরুল হক দুলালের নেতৃত্বে কুমিল্লায় সাড়া জাগানো সংগঠন ‘আমরা জ্যোৎস্নার প্রতিবেশী’ গড়ে ওঠে। এঁরা সবাইসহ আরও অনেকে এতে যোগ দেন। সে আরেক ইতিহাস।
আমার বাসা ছিল ইউসুফ স্কুল রোডে। তখন আমরা নানুয়া দিঘি অথবা দারোগাবাড়ি মসজিদসংলগ্ন পুকুরে গোসল করতাম। এমনই একদিন দারোগাবাড়ি পুকুরে গোসল করতে গিয়ে দেখি, পুকুরপাড়ে একটি বিয়ের গেট তৈরি করছেন আনোয়ার ভাই। গেটটি ছিল কবি নুরুন নাহার শিরিনের বিয়ের। বাংলার লতাপাতা, বাঁশ ও কাগজ দিয়ে গেটটি এত সুন্দর করে সাজানো হয়েছিল যে, যে কেউ দেখলেই মুগ্ধ হতেন।
আনোয়ার ভাইকে কবিতার আসরে দেখতাম সুইট হোমে। কিন্তু তাঁর ভেতরে যে একজন নাট্যকার ও ঔপন্যাসিক বিরাজ করছেন, তা জানতে পারলাম নাট্যজগতে এসে।
১৯৭৮ সালে অধ্যাপক মুকসুদ আলী মজুমদারের রানীর দিঘির উত্তর পাড়ের বাসভবন ‘স্নেহনীড়ে’ গঠিত হলো কুমিল্লার একসময়ের সাড়া জাগানো নাট্যসংগঠন ‘জনান্তিক নাট্য সম্প্রদায়’। প্রগতিশীল একঝাঁক তরুণ-তরুণী ছিলেন এ সংগঠনের সদস্য। জনান্তিকের প্রথম নাটক ছিল বিধায়ক ভট্টাচার্যের ‘এ বাড়ি ও বাড়ি’। এরপরের নাটকটিই ছিল আনোয়ার ভাইয়ের লেখা মিউজিক্যাল ড্রামা ‘অনিয়ম ফিরে এসো’। এতে আমি অনিয়মের ভূমিকায় অভিনয় করি।
এরপর তিনি আরও অনেক নাটক লিখেছেন। যেমন-‘আগুন আগুন খেলা’। নাটকটি মঞ্চস্থ করেছিল অভিনয় নাট্য সম্প্রদায়।
দিন যেতে থাকে, আনোয়ার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তাঁর বাসার মাটির ঘরে আড্ডা জমত। এরই মধ্যে জনান্তিক শুরু করে মিউজিক্যাল কমেডি ‘মুনতাসির ফ্যান্টাসি’। নাটকটি ছিল সম্পূর্ণ মিউজিক্যাল। প্রত্যেক শিল্পীকেই পায়ে ও শরীরে ছন্দ তুলে নাচতে নাচতে সংলাপ বলতে হতো। আনোয়ার ভাই এ নাটকে অফিসের ম্যানেজারের চরিত্রে অভিনয় করেন। কিন্তু সমস্যা হলো নাচ নিয়ে। তাঁর নাচের ব্যাপারে তখন আমি কিছুটা প্রশিক্ষণ দিয়েছিলাম। পরে আনোয়ার ভাই নাচটি রপ্ত করতে পেরেছিলেন।
নাটকটি কুমিল্লায় বেশ সাড়া জাগিয়েছিল। নাটকে আমার চরিত্র ছিল ডাক্তারের।
একবার বরুড়া কলেজ থেকে নাটক করার আমন্ত্রণ এলো। তারা কলেজ মাঠে শিক্ষার্থীদের বসার বেঞ্চ সাজিয়ে মঞ্চ তৈরি করল। নাটক শুরু হলো। প্রথম দৃশ্যেই আনোয়ার ভাই ও রিবন মঞ্চে প্রবেশ করেন। আনোয়ার ভাই ঢুকেই নাচতে নাচতে বলছেন, ‘নেই সিল নেই ছাপ চাপছিল ফাইলের...’। এ পর্যন্ত বলার পরই তাঁর পা বেঞ্চের ফাঁকে ঢুকে গেল। তিনি সংলাপ বলছেন আর পা ফাঁক থেকে বের করার চেষ্টা করছেন। একসময় পা বেরিয়ে এল। কিন্তু পায়ের চামড়া অনেকটা ছিঁড়ে গেল। দর্শক অবশ্য কিছুই বুঝতে পারলেন না। তাঁরা ভাবলেন, এটি অভিনয়েরই অংশ। এরপর যত শিল্পী মঞ্চে গেছেন, সবাই ভয়ে ভয়ে পা ফেলেছেন।
এরপর হঠাৎ করেই আনোয়ার ভাইয়ের চাকরি হয়ে গেল। তিনি চট্টগ্রাম ক্যাডেট কলেজে অধ্যাপনা করতে চলে গেলেন। তখন মাঝেমধ্যে কুমিল্লায় আসতেন। আবার আড্ডা হতো। তবে তাঁর মধ্যে অনেক পরিবর্তন দেখতে পেলাম। তিনি তখন একটু রিজার্ভড হয়ে চলাফেরা করতেন। ক্যাডেট কলেজে অধ্যাপনা তাঁকে হয়তো এমন শৃঙ্খলিত জীবনযাপনে অভ্যস্ত করেছিল।
এরপর তিনি সিলেটের কয়েকটি কলেজে শিক্ষকতা করেন। একদিন তিনি তাঁর ছাত্রজীবনের কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। একই সঙ্গে তিনি কলেজের নজরুল ইসলাম ছাত্রাবাসের দায়িত্ব নেন। এ কারণে হোস্টেলের পাশেই তাঁর বাসভবন নির্ধারিত হয়। আমরা আবার তাঁকে আমাদের মধ্যে ফিরে পেলাম।
আনোয়ার ভাই ভিক্টোরিয়া কলেজে আসায় আমি একটা সুযোগ নিলাম। তাঁকে ধরে বসলাম একটি নাট্যসংগঠন গড়ে তোলার জন্য। বললাম, হোস্টেলের নামের সঙ্গে মিল রেখে সংগঠনের নাম হবে ‘নজরুল থিয়েটার’। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। হোস্টেলে একটি নোটিশ দিলেন। কয়েকজন ছাত্রছাত্রী আগ্রহী হলো। প্রতিষ্ঠিত হলো নজরুল থিয়েটার।
তাঁর হোস্টেলের বাসাই হয়ে উঠল আমাদের মহড়াকক্ষ। আমরা মহড়া শুরু করলাম নবীন নাট্যকার মাজেদুর রহমান লিটনের ‘পালা বদলের খেলা’ নাটক নিয়ে। নির্দেশনায় আমি এবং সার্বিক তত্ত্বাবধানে আনোয়ার ভাই।
মহড়া চলছে, নাটক মঞ্চায়নের তারিখও ঠিক হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে নায়িকা বেঁকে বসল। তার বাবা নাটক করতে দেবেন না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হাতে মাত্র দুই দিন সময়। এখন নায়িকা পরিবর্তন করা যাবে না। তা না হলে আমার সংগঠন প্রতিবিম্ব থিয়েটার থেকে কোনো মেয়েকে নিয়ে আসতে পারতাম। তখন কলেজের অধ্যক্ষ ছিলেন আমির আলী চৌধুরী। আনোয়ার ভাই মেয়েটির বাবার সঙ্গে কথা বলে আমাদের নায়িকাকে আবার ফিরিয়ে আনলেন।
আমরা নজরুল থিয়েটার থেকে বেশ কয়েকটি নাটক মঞ্চস্থ করেছিলাম। কিন্তু হঠাৎ করে আনোয়ার ভাইয়ের বদলিজনিত কারণে এবং হোস্টেলের ছেলেরা পড়াশোনা শেষ করে চলে যাওয়ায় কয়েক বছরের মাথায় দলটি বন্ধ হয়ে গেল। তবে আনন্দের কথা, ২০০৯ সালে শিল্পকলা একাডেমির আমার ছাত্র আলম আনোয়ারের নেতৃত্বে গঠিত হলো ভিক্টোরিয়া কলেজ থিয়েটার।
আনোয়ার ভাইয়ের পরিবারের সঙ্গেও আমার বেশ ঘনিষ্ঠতা ছিল। বিশেষ করে ভাবী আমাকে খুব স্নেহ করতেন। তাঁর দুই মেয়ে আমার মেয়েদের সঙ্গে একই স্কুলে পড়ত। স্কুলে মেয়েদের আনতে গিয়ে ভাবীর সঙ্গে দেখা হতো।
ইতিমধ্যে তিনি ঢাকায় বাসা করেছেন। মাঝেমধ্যে কুমিল্লায় আসতেন। আবার আড্ডা হতো। এর মধ্যে ঢাকাসহ কুমিল্লার বিভিন্ন পত্রপত্রিকায় আনোয়ার ভাইয়ের লেখা প্রকাশিত হতে থাকে। তাঁর লেখার গুণে মুগ্ধ হয়ে আমি হয়ে উঠি তাঁর একজন নিবিষ্ট পাঠক।
কলেজ থেকে অবসরের পর তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা করতেন। পাশাপাশি চলত লেখালেখি।
আনোয়ার ভাই প্রথমত একজন কবি। কবিতা দিয়েই তাঁর লেখালেখির শুরু। তিনি নাটক লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস ও নজরুলকে নিয়ে তাঁর লেখালেখির বড় একটি অংশ। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নজরুলের ওপর গবেষণা করে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
আমার আনন্দের বিষয়, ১৯৮৮ সালে কুমিল্লার ‘সংলাপ’ থেকে নবীন নাট্যকার হিসেবে আনোয়ার ভাইকে আমিই প্রথম সম্মাননা দিয়েছিলাম। সেটিই ছিল তাঁর জীবনের প্রথম সম্মাননা।
তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৫টি। বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি জড়িত। জেলা শিল্পকলা একাডেমি থেকে গবেষক হিসেবে সম্মাননাসহ পেয়েছেন ১১টি পুরস্কার। সর্বশেষ কিছুদিন আগে তিনি বাংলা একাডেমি নজরুল গবেষণা পদক ২০২৫ পেয়েছেন।
আনোয়ার ভাই একজন সহজ-সরল মানুষ। মুখের ওপর সত্য কথাটি বলতে তিনি দ্বিধা করেন না। তিনি একজন ভ্রমণপিপাসু মানুষও। একবার আমি, আনোয়ার ভাই, ড. আলী হোসেন চৌধুরী ও বদরুল হুদা জেনু কলকাতা হয়ে কাজী নজরুল ইসলামের জন্মভিটা চুরুলিয়া এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ঘুরে এসেছিলাম।
এ বছর ২০২৬ সালে তাঁর সঙ্গে টিকিট না পেয়ে ট্রেনের থার্ড ক্লাসে কিশোরগঞ্জ গিয়েছি। তাঁর কল্যাণে কিশোরগঞ্জ সার্কিট হাউস থেকে নিকলী, অষ্টগ্রাম ও চন্দ্রাবতীর বাড়ি ঘুরে এসেছি।
আনোয়ার ভাইয়ের সঙ্গে আমার মাঝেমধ্যে ভ্রমণ নিয়ে খিটিমিটি লাগে। যেমন, একসময় তিনি ছিলেন চেইন স্মোকার। বগা সিগারেট খেতেন। অথচ এখন আমাকে সিগারেট খেতে দেখলে বলেন, ‘মরো তুমি, নিজে মরো। কিন্তু বাইরে গিয়ে মরো। ঘরে সিগারেট খেতে পারবে না।’ হা হা হা!
এভাবেই আনোয়ার ভাই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। কবিতা, নাটক, সাহিত্য, আড্ডা, ভ্রমণ আর অসংখ্য স্মৃতির মধ্যে তিনি আমাদেরই একজন-আমাদের আনোয়ার ভাই।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২