সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
টানা বৃষ্টিতে কুমিল্লায় সবজি চাষিদের কপালে চিন্তার ভাঁজ
নষ্ট হচ্ছে বীজতলা ও ফসলের ক্ষেত
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২২.১১.২০২৬ ২:১৪ এএম |


টানা বৃষ্টিতে কুমিল্লায় সবজি চাষিদের কপালে চিন্তার ভাঁজ
নিম্নচাপের প্রভাবে হেমন্তের মাঝামাঝিতে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি চাষে দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা। বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে সবজির ক্ষেত, নষ্ট হচ্ছে বীজতলা। কোথাও মাটিতে হেলে পড়েছে মুলা ও অন্যান্য সবজির গাছ, আবার কোথাও অতিরিক্ত পানি জমে পচন ধরতে শুরু করেছে চারাগাছে। এতে আসন্ন শীত মৌসুমে সবজির উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
শনিবার (২১ নভেম্বর) জেলার চান্দিনা, দেবীদ্বার, বুড়িচং সহ বিভিন্ন উপজেলার সবজি ক্ষেত ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে অনেক সবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাত্মক ঝুঁকিতে পড়েছে মুলা, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শসা ও অন্যান্য শীতকালীন সবজির আবাদ। কোথাও জমিতে পানি জমে আছে, আবার কোথাও বৃষ্টির তোড়ে গাছ হেলে পড়েছে। কৃষকরা নিজেদের সাধ্যমতো জমি থেকে পানি নিষ্কাশন ও ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি শীত মৌসুমে কুমিল্লা জেলায় ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে শাক-সবজির আবাদের লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা কৃষি অধিদপ্তর। এরই মধ্যে ৯ হাজার ৯৯০ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, মুলা, লালশাক, টমেটো ও ধনেপাতাসহ বিভিন্ন শীতকালীন সবজির আবাদ করেছেন কৃষকরা। বাকি জমিতে আবাদ কার্যক্রম চলমান রয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ইতোমধ্যে আবাদ করা সবজির ক্ষেত ও বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন করে সবজি রোপণের প্রস্তুতিও ব্যাহত হচ্ছে। ফলে মৌসুমের শুরুতেই এমন প্রাকৃতিক দুর্যোগে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে সবজির শিকড় পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মুলা, ফুলকপি ও বাঁধাকপির মতো সবজিতে অতিরিক্ত আর্দ্রতার কারণে পচন ও বিভিন্ন রোগের প্রকোপ বাড়তে পারে। এতে একদিকে উৎপাদন কমবে, অন্যদিকে বাজারে সরবরাহ কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
এরই মধ্যে জেলা প্রায় এক হাজার হেক্টর জমির শাক-সবজি মারাত্মক ভাবে আক্রান্ত হওয়ার প্রতিবেদন দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ। 
জেলার চান্দিনা উপজেলার তুলাতলী গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানান, তিনি দুই দফায় পৃথকভাবে মোট ৬০ শতাংশ জমিতে মুলার চাষ করেছেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির মুলাগাছ বেশ বড় হয়ে উঠেছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে মুলা তোলার উপযোগী হওয়ার কথা ছিল। বৃষ্টির আগে পাইকাররা ওই জমির মুলা ৫৫ হাজার টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে অধিকাংশ গাছ হেলে পড়েছে। মুলার গায়ে দাগ পড়ার আশঙ্কা রয়েছে। এতে বাজারে ভালো দাম পাওয়া কঠিন হবে।
তিনি আরও বলেন, অন্য জমিতে সদ্য মুলার চারা গজিয়েছে। বৃষ্টির পানিতে সেসব গাছও পচে যাচ্ছে। শনিবার সকালে বৃষ্টি থেমেছে ভেবে পচনরোধী ওষুধ ছিটাতে শুরু করেছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়। এতে ওষুধও কার্যকর হওয়ার সুযোগ পায়নি। এখন কীভাবে ফসল রক্ষা করবেন, তা বুঝে উঠতে পারছেন না।
চান্দিনা উপজেলা কৃষি কর্মকর্তা মোরশেদ আলম জানান, টানা বৃষ্টিতে মুলা, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শসাসহ বিভিন্ন শাকসবজির বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সবজির বীজতলাগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি শেষ হওয়ার কয়েক দিন পর মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান- যে পরিমাণ আক্রান্ত হয়েছে আগামীকাল (রবিবার) রোদ উঠলে হয়তো ক্ষয়ি-ক্ষতির পরিমাণ কমে যাবে। বৃষ্টি আরও বাড়লে আক্রান্ত হওয়ার পাশাপাশি ক্ষতির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। 


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২