কুসিক-সওজের টানাপোড়েনে হচ্ছে না সংস্কার--
বশিরুল ইসলাম ।।
কুমেক হাসপাতালে যোগাযোগের একমাত্র রাস্তাটি খানাখন্দ হয়ে চলাচলের প্রায় অনুপযোগী। বৃষ্টির দিনে গর্ত চোখে না পড়ায় উল্টে যাচ্ছে যানবাহন। নিত্য যানজটে আটকে হাসপাতালে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও স্বজনরা। কোন কোন সময় হাসপাতালের সামনের গেইটে রোগী বহরকারী যানবাহনকে যানজটে পরে গেইটের সামনে আটকে থাকতে হয় দীর্ঘক্ষণ। রাস্তার এমন বেহাল দশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসী ও হাসপাতালের সুবিধাভোগীরা বিভিন্ন সময় অভিযোগ জানালেও বিষয়টি যেন কারো নজরে পরেনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আমি রাস্তার মেরামত কাজ করতে চেয়েছিলাম। সড়ক ও জনপথের অনুমতি পেলে ২৪ঘন্টার মধ্যে কাজটি করে দেবো। তবে বিষয়টি নিয়ে জানতে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খন্দ: গোলাম মোস্তফাকে একাধিকবার ফোন করলেও তাঁর সাড়া মিলেনি। অভিযোগ রয়েছে, সিটি কর্পোরেশন এই রাস্তার মেরামত কাজ করতে গেলে সড়ক ও জনপথ বিভাগ বাঁধা দেয়। তবে দুই দপ্তরের টানা হেঁচড়ায় দিনের পর দিন রাস্তাটির বেহাল দশা কোনভাবেই মানতে রাজি না এলাকাবাসী।
কুচাইলতলী হাসপাতালের সামনে বসবাস করেন আসিফ আহমেদ। তিনি জানান, অনেকদিন ধরে এই রাস্তার কাজটি বন্ধ রয়েছে। নানা অজুহাতে কাজ বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি হওয়ায় রাস্তাটি খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনরা দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনে এমনিতে হাসপাতালের সামনে যানজট লেগে থাকে তার উপর রাস্তার এই অবস্থার কারণে ভোগান্তি আরো বেড়েছে। আমার সামনে শনিবার দুপুর ১২টায় একটি অটোরিক্স চলন্ত অবস্থায় উল্টো যায়। এসময় মহিলা পুরুষ মিলিয়ে ৬/৭জন যাত্রী ছিল। সকলে কমবেশি ব্যথা পেয়েছে। নারীরা ব্যথার চেয়ে ভয় পেয়েছে বেশি। তারা ভয়ে আতংকিত ছিল।
হাসপাতালের সামনের ব্যবসায়ী বাসির জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে এ্যাম্বুন্সে আসা রোগী ও রোগীর স্বজনরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সমস্যাটা প্রায় ছয় মাস ধরে। মাঝ খানে সিটি কর্পোরেশনের প্রশাসক রাস্তার কাজটি সংস্কার করার নির্দেশ দিলেও রাস্তার এক পাশের কাজ অর্ধেক করে বন্ধ রাখা হয়েছে। যারা রাস্তার কাজ করতো তারা এক সপ্তাহ হয় কাজ শেষ না করে চলে গিয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানিয়েছেন, রাস্তার কাজটি তিনি করতে চেয়েছেন কিন্তু সড়ক ও জনপথ কাজটি করতে দিচ্ছেনা।
সড়কটির দুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান। তিনি বলেন, সড়কের দুরবস্থার কারণে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় তাঁরা মনে করেন, এ সমস্যার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী। কিন্তু সড়কটি সংস্কার করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা পাইনি। তিনি আরও বলেন, রোগীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সড়কটির যেন দ্রুত সংস্কার করা হয় এবং কাজটি যেন দীর্ঘস্থায়ী হয়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
