নিজস্ব প্রতিবেদক ।।
উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে কুমিল্লার টমচমব্রিজ এলাকার ইপিজেড গেইটের বিপরীত পাশে অবস্থিত দারুল কুরআন একাডেমির বার্ষিক দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া চার ঘণ্টাব্যাপী এ আয়োজন দুপুর ১টায় বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানটি ঢুলিপাড়ার ফান টাউন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দায়িত্ব বণ্টনের ঘোষণা দেওয়ার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মুবাশ্বিরুল হক রিদওয়ান এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সকাল ৯ টায় অনুষ্ঠানটি শুরু হয়। এরপর স্কুল শাখার প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মাধ্যমে উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক পর্বে দারুল কুরআন একাডেমির শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামি সংগীত ও গজল উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের সাবলীল ও প্রাঞ্জল ইংরেজি বক্তব্য এবং পবিত্র কুরআনের মনমুগ্ধকর তেলাওয়াত । শিক্ষার্থীরা তাদের আত্মবিশ্বাসী উপস্থাপনায় অতিথি ও অভিভাবকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আবদুল মান্নান মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা জহিরুল হক এবং মাওলানা আব্দুল কাদের জামাল । তাঁরা তাঁদের আলোচনায় শিক্ষার্থীদের নৈতিকতা, ভাষাগত দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল অভিভাবকদের মতবিনিময় ও পরামর্শ পর্ব। উপস্থিত অভিভাবকেরা প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষা কার্যক্রম, পাঠদানের মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনে করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তাঁদের গঠনমূলক ও যুক্তিপূর্ণ পরামর্শগুলো প্রতিষ্ঠানের আগামী দিনের পথচলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
অনুষ্ঠানে একাডেমির প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল হাফেজ মাওলানা খোরশেদ আলম তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে নতুন সাংগঠনিক দায়িত্ব বণ্টনের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, মোবাস্বিরুল হক রিদোয়ানকে হিফজ বিভাগের প্রধান, আবদুল্লাহ আল মামুনকে জেনারেল বিভাগের প্রধান এবং মাওলানা ইলিয়াসকে পুরো প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেন। নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
পরে বিভিন্ন শ্রেণির কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এ স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।
সবশেষে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষক-অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল কাদের জামাল। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং শিক্ষার প্রতি সম্মিলিত দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।
