বিশ্ব অর্থনীতি চতুর্থ শিল্পবিপ্লবের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি, যা কারও অনুমতির জন্য অপেক্ষা না করে সিস্টেমের মধ্যে নিজে থেকেই প্রবেশ করছে। ফলে একদিকে যেমন সুযোগ বাড়ছে, তেমনি ঝুঁকিও তৈরি হচ্ছে। ব্যাংকিং খাতেও এর ব্যবহার থেমে নেই। জালিয়াতি শনাক্ত, গ্রাহকের আচরণ বিশ্লেষণ, স্বয়ংক্রিয় ঋণ মূল্যায়ন, অর্থ পাচার প্রতিরোধ ও লেনদেন পর্যবেক্ষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রমে গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্য ব্যবহার করা হয়। দেশের অধিকাংশ ব্যাংকের এআই ব্যবহারের প্রয়োজনীয় নীতিমালা ও প্রযুক্তিগত প্রস্তুতির ঘাটতি রয়েছে। এতে তথ্য ফাঁস ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি দেখা দিয়েছে। অন্যদিকে তথ্যের নিরাপত্তা, সাইবার হামলা এবং দক্ষ জনবলের ঘাটতির মতো বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তাই পুরো ব্যাংকিং খাতকে বড় পরিসরে বিনিয়োগের মাধ্যমে এআইয়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
ব্যাংকিং খাতে এআই ব্যবহার নিয়ে সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। সেখানে দেখা গেছে, দেশের প্রায় ৬০ শতাংশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা নেই। মাত্র ৪০ শতাংশ ব্যাংক এ বিষয়ে নীতিমালা তৈরি করেছে। এ পরিস্থিতিতে ব্যাংকিং খাতে এআইয়ের নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বিশেষজ্ঞরা মনে করেন, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি তথ্যের নিরাপত্তা, দক্ষ জনবল, সঠিক তথ্য এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
এআইনির্ভর ব্যাংকিং দ্রুত ও নিরাপদ এবং আর্থিক প্রতারণা শনাক্তেও ভূমিকা রাখছে। এর মাধ্যমে দেশের সামগ্রিক আর্থিক লেনদেনব্যবস্থাকে আরও স্বচ্ছ, দক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তোলার মাধ্যমে সেবা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। এর মাধ্যমে খরচ ও সময় সাশ্রয় হচ্ছে। সহজ কথায় আমরা বলতে পারি, ক্যাশলেস অর্থনীতির টেকসই ভিত্তি গড়ে তুলতে এআই ও অটোমেশন সহজ ও নিরাপদ ব্যবস্থা।
ব্যাংকিং খাতের তথ্য দেশের একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল ও গোপনীয় বিষয়। তাই সবার আগে ডেটা সুরক্ষার কাজটি নিশ্চিত করা জরুরি। তথ্য ব্যবহারের ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে গ্রাহকের গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই বাড়ছে প্রতারণার ঝুঁকি। প্রতারকরা এ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের কাছ থেকে আর্থিক তথ্য হাতিয়ে নিয়ে নানাভাবে জালিয়াতি করছে। কৃত্রিম কণ্ঠস্বর, ডিপফেক ভিডিও, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য প্রতারণামূলক বার্তার মাধ্যমে গ্রাহককে নানাভাবে প্রতারিত করছে। এ অবস্থায় ব্যাংকগুলোকে এআইভিত্তিক জালিয়াতি শনাক্তকরণব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নতুন ধরনের সাইবার হামলা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে।
বিশ্বায়নের যুগে ব্যাংকিং খাতে এআই প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হলে আধুনিক সার্ভার, তথ্য সংরক্ষণব্যবস্থা, নিরাপদ সফটওয়্যার ও প্রশিক্ষণে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের কর্মীদেরও প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে উদ্যোগ নিতে হবে। যাতে যেকোনো দৈব পরিস্থিতিতে ব্যাংকগুলো তাদের সিস্টেমকে সুরক্ষিত রাখতে পারে। নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্যকর ব্যবস্থার মাধ্যমে এআই প্রযুক্তি বর্তমানের চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকিং খাতের পাশাপাশি অন্যান্য খাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
