জলবায়ু পরিবর্তনের দায় যাদের সবচেয়ে কম, তারাই এর সবচেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করছে। অথচ জলবায়ু বিপর্যয়ের ক্ষতি মোকাবিলায় তাদেরই আবার ঋণ নিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাতে হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, আন্তর্জাতিক জলবায়ু ন্যায়বিচারেরও পরিপন্থি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে আহ্বান জানিয়েছেন, তা এই বাস্তবতারই প্রতিফলন। জলবায়ুসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার কাঠামোয় মৌলিক পরিবর্তন আনার সময় এসেছে।
গত বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর নতুন করে ঋণের প্রয়োজন নেই। বরং প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য কার্যকর সহযোগিতা। তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দেরও আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের তাৎপর্য বাংলাদেশের বাস্তবতা থেকেই স্পষ্ট। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও অনিয়মিত বৃষ্টিপাতের মতো বহুমুখী বিপর্যয় দেশের অর্থনীতি, কৃষি, জনস্বাস্থ্য ও মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে ফেলছে। ফলে জলবায়ু অভিযোজন বাংলাদেশের জন্য কোনো বিলাসী উন্নয়ন কর্মসূচি নয়; এটি জাতীয় অস্তিত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্ন।
এ বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ১ ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো কার্বন নিঃসরণ অর্জনের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রণোদনার আওতায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের পরিকল্পনাও পরিবেশ পুনরুদ্ধার ও কার্বন শোষণ বাড়াতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজের মহাপরিকল্পনা, নদী-খাল খননের মতো পরিকল্পনাও রয়েছে।
এসব উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন। এখানেই আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং উন্নয়নশীল দেশগুলোর চাহিদা ও অগ্রাধিকার যথাযথভাবে প্রতিফলিত করে না। জলবায়ু বিপর্যয়ের ক্ষয়ক্ষতি সামলাতে গিয়ে একদিকে অর্থনীতির ওপর চাপ বাড়ছে। অন্যদিকে ঋণ পরিশোধের দায় ও সীমিত আর্থিক সম্পদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে বুঝতে হবে, জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা দাতব্য কার্যক্রম নয়। এটি জলবায়ু ন্যায়বিচারের দাবি। শিল্পোন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে আজকের সংকট তৈরিতে বড় ভূমিকা রেখেছে। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের বোঝায় জর্জরিত না করে অনুদানভিত্তিক সহায়তা দেওয়া তাদের নৈতিক ও আন্তর্জাতিক দায়িত্ব।
একই সঙ্গে অর্থায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করতে হবে। শুধু বড় অঙ্কের প্রতিশ্রুতি ঘোষণা করলেই চলবে না; সেই অর্থ প্রকৃতপক্ষে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।
জলবায়ু পরিবর্তন কোনো একক দেশের সমস্যা নয়। কিন্তু এর অভিঘাত সবার ওপর সমানভাবে পড়ছে না। তাই বৈশ্বিক জলবায়ু সহযোগিতার ভিত্তি হতে হবে ন্যায্যতা, দায়িত্বশীলতা ও সংহতি। ঋণের পরিবর্তে অনুদান, প্রতিশ্রুতির পরিবর্তে কার্যকর অর্থায়ন এবং কথার পরিবর্তে বাস্তব পদক্ষেপ–এই তিনটি বিষয় নিশ্চিত করা গেলে তবেই জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।
