ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের প্রভাব এবার দুই দেশের কনস্যুলার পর্যায়ের যোগাযোগেও পড়েছে। ঢাকায় অনুষ্ঠেয় পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া সেই বাস্তবতারই একটি নতুন ইঙ্গিত। আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। কেন বৈঠকটি পেছানো হলো, সে বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। তবে বিষয়টি দুই দেশের বিদ্যমান কূটনৈতিক অস্বস্তি ও পারস্পরিক আস্থার ঘাটতি সামনে এসেছে।
ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা ঘিরে সৃষ্ট উত্তেজনার কারণেই বৈঠকটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমও একই ধরনের খবর দিয়েছে। তবে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠক পেছানোর সঙ্গে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনসংক্রান্ত কোনো সম্পর্ক নেই। ফলে এ সিদ্ধান্তের প্রকৃত কারণ নিয়েও অনিশ্চয়তা থেকে যাচ্ছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সম্প্রতি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তার প্রতিনিধিরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। বাংলাদেশ সরকার অবশ্য স্পষ্টই বলেছে, তাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না। বরং গ্রহণযোগ্য বন্দিবিনিময়-প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে পাসপোর্টের আবেদন এবং প্রত্যর্পণের বিষয়টি দুটি পৃথক আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া। একটির সঙ্গে অন্যটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই।
এখানেই কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার তাৎপর্যটি বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। কারণ এ বৈঠকের আলোচ্যসূচিতে ছিল দুই দেশের সাধারণ নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। ভিসা-প্রক্রিয়া সহজ করা, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন এবং উভয় দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসনের মতো বিষয় নিয়ে আলোচনার কথা ছিল। এসব বিষয় কোনো রাজনৈতিক দলের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়; সরাসরি জড়িত দুই দেশের মানুষের দৈনন্দিন জীবন, নিরাপত্তা ও যাতায়াতের সঙ্গে।
বিশেষ করে ভিসা জটিলতা, সীমান্তে আটক নাগরিকদের প্রত্যাবাসন এবং আইনি সহায়তার মতো বিষয়ে নিয়মিত যোগাযোগ না থাকলে সাধারণ মানুষকে অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়তে হয়। একটি কূটনৈতিক বৈঠক স্থগিত হওয়া মানেই অবশ্য দুই দেশের সব যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া নয়। সাধারণ ভিসা কার্যক্রমও পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু নতুন বৈঠকের তারিখ নির্ধারিত না হওয়া উদ্বেগের কারণ।
এদিকে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার কথা বলেছে ভারত। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, উভয় দেশের সুবিধাজনক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বক্তব্যকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া এখন জরুরি।
বাংলাদেশ ও ভারত ভৌগোলিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যের কারণে নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট যোগাযোগ ও প্রশাসনিক সহযোগিতা যেন ব্যাহত না হয়। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে বাংলাদেশের অবস্থান এবং ভারতের সঙ্গে এ বিষয়ে কূটনৈতিক আলোচনা এক বিষয়; আর সাধারণ নাগরিকদের কনস্যুলার সেবা আরেক বিষয়।
সুতরাং বিদ্যমান অস্বস্তি দূর করে দ্রুত সংলাপের নতুন তারিখ নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা ও আইনি সহযোগিতার প্রক্রিয়া সচল রাখতে হবে। রাজনৈতিক ও কূটনৈতিক মতপার্থক্যকে নাগরিকদের স্বার্থের ওপর প্রভাব বিস্তার করতে না দেওয়াই হওয়া উচিত দুই দেশের সম্পর্কের অন্যতম অগ্রাধিকার। প্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তি কেবল আনুষ্ঠানিক আশ্বাস নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বাস্তব সহযোগিতা।
