বশিরুল ইসলাম ।।
সাংবিধানিকভাবে একজন ব্যবসায়ীর আরেকজন ব্যবসায়ীকে নিয়ন্ত্রণ করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. মো. আলী আফজাল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজউকসহ সরকারের কোনো কর্তৃপক্ষকে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়নি। তাদের কাজ রাষ্ট্রের সেবা করা, ব্যবসা করা নয়।
সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা ক্লাবে কুমিল্লার আবাসন ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজউকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, ‘রাজউকসহ বাংলাদেশ সরকারের কোনো অথরিটিকে বাণিজ্য করার অধিকার সরকার দেয়নি। তারা রাষ্ট্রের সেবা করবে, তারা রাষ্ট্রের সেবক। আমরা ট্যাক্স দেব, কর দেব, আর তারা রাষ্ট্রের সেবা করবে। তারা আমাদের কাজগুলো তদারকি করবে, দেখবে নিয়ম অনুযায়ী কাজ হয়েছে কি না। কিন্তু এসব না করে তারাও নিজেরা বাণিজ্য করছে।’
তিনি আরও বলেন, সরকারি কর্তৃপক্ষ যদি বাণিজ্য করতে চায়, তাহলে সরকারকে স্পষ্টভাবে বলতে হবে এবং সেসব কার্যক্রম বাণিজ্যিক কাঠামোর আওতায় আনতে হবে। একই সঙ্গে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর ন্যাশনাল ফেয়ারের চেয়ারম্যান আলহাজ অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন রিহ্যাবের স্ট্যান্ডিং কমিটি ফর লিংকেজ ইন্ডাস্ট্রিজের কো-চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক, সহসভাপতি (ফাইন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক মো. এজিএম কমর উদ্দিন, পরিচালক মো. গোলাম কিবরিয়া মজুমদার, পরিচালক মো. মোস্তফা কামাল, পরিচালক মো. খাজা নজিবউল্লাহ চৌধুরী, কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ সোয়েব সোহেল, রিহ্যাবেরসদস্য মো. হামিদুর রহমান সোহাগ, মো. সুলমান মাহমুদ ও মো. শফিকুল ইসলাম বাদল, -সহ আবাসন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
