
কুমিল্লার বিবির বাজারে গোমতী নদীতে নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই সহ নদীতে নৌপথ সচল করার কার্যকারিতায় সম্ভাব্যতা নির্ধারণে নদী পথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম। শনিবার কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর শেষ প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশে প্রবেশ মুখ বিবির বাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় নদীপথ পরিদর্শন করেন তিনি। পরে এ বিষয়ে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও বিআইডাব্লুটিএর এর চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২০২০ সালে এই প্রকল্প ভারত বাংলাদেশ না বুঝে শুরু করেনি। দুই দেশের স্বার্থের কারণেই এটি শুরু হয়েছিল। একসময়ে এসে নদীর উপর অবকাঠামাগুলো সমস্যা হয়ে দাঁড়ায়। যেটা সরাতে হয়তো প্রজেক্টের বের সমান টাকা লেগে যেতে পারে- যে কারণে এটি থেমে গেছে। এটি স্থগিত আছে কিন্তু বন্ধ হয়নি। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে এই সুযোগটি নিতে চাই। আমাদের বিমানবন্দর বন্ধ, আমাদের রেল বন্দর চালু হচ্ছে একটি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আমাদের একমাত্র পথ রাজধানীর সাথে যোগাযোগের - এখন রাস্তার যে অবস্থায় আছে তা আরো বেশি কার্যকরী করতে সময় লাগবে। বিকল্প সড়কের প্রস্তাব দেয়া হয়েছে তাও বাস্তবায়নের সময় লাগবে। সবচেয়ে তাড়াতাড়ি যেটি হতে পারে সেটি হচ্ছে নৌপথ কে সচল করা। আমাদের সরকারও সেটি চায়। এখন একটি প্রশ্ন অবকাঠামো সংস্কার।
বিআইডাব্লুটিএর এর চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম বলেন, আমি গিয়ে যা দেখে গেলাম এবং আপনারা যা বললেন তার উপরে একটি সিদ্ধান্ত হবে। সাধারণত নদীর যে ডাল থাকে - সে তুলনায় গোমতির ঢাল আরো বেশি। এটা এত বেশি ঢালু যে পানি দ্রুত মেঘনায় চলে যায়, অন্যান্য নদীর মতো যদি প্রবাহ ধরে রাখতে চান তাহলে এটিকে আরো বেশি গভীর করে কাটতে হবে। আর ওই পাশে যে বাঁধ আছে সেটিও কিন্তু সব সময় পানি ছাড়ছে না। সুতরাং আমাদেরকে সবকিছু ভাবতে হবে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরো বলেন, গোমতী নদীর উপর অন্তত যে ৩০ টি সেতু রয়েছে সেগুলোর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। আমরা সেগুলোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ অন্যান্য দপ্তরের সাথে কথা বলব।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌপ্রটোকল চুক্তির (চওডঞঞ) দ্বিতীয় সংযোজনীতে এই রুটটি অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে নদীর নাব্রতা সংকট সহ বিভিন্ন কারণে এই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌ বন্দর স্থাপন সহ গতিতে নৌপথ সচল করা নিয়ে উদ্যোগ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। যে কারণে নৌ পথ ও গোমতী পরিদর্শনে আসেন বি আই ডব্লিউ টি এর চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম। তার সাথে অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিদর্শনে অংশগ্রহণ করেন।
