বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
প্রথম ধাপে ২১ জানুয়ারি১০২৬ ইউনিয়ন পরিষদেভোটগ্রহণ হবে
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ১:৩৫ এএম |

প্রথম ধাপে ২১ জানুয়ারি১০২৬ ইউনিয়ন পরিষদেভোটগ্রহণ হবেদেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে।
আগামী বৃহস্পতিবারের মধ্যে কোন ইউনিয়নে কবে নির্বাচন হবে, তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পাঁচ ধাপে নির্বাচনের পরিকল্পিত সংখ্যা তুলে ধরে তিনি বলেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘এটা হচ্ছে আমাদের পরিকল্পিত আপনার ধাপ এবং সংখ্যা এবং এটার স্পেসিফিক নামগুলো আগামী বৃহস্পতিবারে ওয়েবসাইটের মাধ্যমে সবাই জেনে যাবেন।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ডিসেম্বরে:
ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন।
সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি কমিশন সভায় আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।
তিনি বলেন, ‘বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তথা ইউপি নির্বাচন শুরু করার পূর্বে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নির্বাচনের মতোই একটি ডায়ালগ করব এবং এই ডায়ালগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে।’
সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি, সময়ের ব্যবধান ৫০ দিন:
প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ‘ধরে নেন যদি প্রথম ধাপের নির্বাচন তো আমরা বলে দিয়েছি যে ২১ জানুয়ারি, তার থেকে প্লাস-মাইনাস ৫০ দিন-এটা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।’
তবে কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ‘আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইন-শৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।’

তপশিলের দিন বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন:
নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন বিদ্যমান আইন অনুযায়ী হবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, তপশিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘অন দ্য ডে-যেদিন তপশিল ঘোষণা হবে সেদিন বিদ্যমান যে আইন থাকবে সেটা অনুযায়ী নির্বাচন হবে।’
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল।
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে বা এ ধরনের কোনো দাবি আমাদের কাছে এসেছে। জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছিল এবং আমরা যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ডেপ্লয় করব।’
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২