
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাংলাদেশ দ্বিতীয় জয় পেয়েছে। আজ (মঙ্গলবার) শারজাহ’র কাশিমী স্টেডিয়ামে ম্যাকাওকে ১-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। দলের একমাত্র জয়সূচক গোল করেন মোস্তাকিম।
এএফসি অ-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই সাতটি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দলই কেবল খেলবে আগামী বছরের মূল রাউন্ডে। বাংলাদেশ পড়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘সি’ গ্রুপে। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল তারা। পরের ম্যাচে ভুটানকে হারায় ৪-০ গোলে। আজ গ্রুপের তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ গোলে হারাল বাংলাদেশ।
ম্যাকাও’র ফিফা র্যাঙ্কিং ১৯৩। বাংলাদেশের চেয়ে অনেক সূচকেই পিছিয়ে ম্যাকাও। এরপরও বাংলাদেশ প্রথম অর্ধে গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সংঘবদ্ধ আক্রমণ থেকে মোস্তাকিম জটলার মধ্যে প্লেসিংয়ে বল জালে জড়ান। শেষ পর্যন্ত সেটাই জয়সূচক গোলে পরিণত হয়।
ম্যাকাও চার ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে। বাংলাদেশ তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আজ রাতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়া মুখোমুখি হবে। এই ম্যাচ ড্র হলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। সিরিয়া আজ আরব আমিরাতকে হারালে চূড়ান্ত রাউন্ডে খেলা নিশ্চিত করবে। কারণ সিরিয়ার পয়েন্ট হবে ৯ আর ২০ নভেম্বর বাংলাদেশ শেষ ম্যাচে আরব আমিরাতকে হারালে সিরিয়ার সমান ৯ পয়েন্ট হবে।
বাংলাদেশ সিরিয়ার কাছে হারায় হেড টু হেডে পিছিয়ে। আরব আমিরাত আজ সিরিয়াকে হারালে বাংলাদেশের সম্ভাবনা খানিকটা থাকবে। তখন ২০ নভেম্বর শেষ ম্যাচে স্বাগতিক আমিরাতকে হারালে ও সিরিয়া শেষ ম্যাচে ভুটানকে হারালে তিন দলের সমান ৯ পয়েন্ট হবে। তখন একে অন্যের কাছে হারায় গোল ব্যবধানের হিসাবে গ্রুপ সেরা নির্ধারণ হবে।
