নিজস্ব প্রতিনিধি-হোমনা ।।
কুমিল্লার হোমনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলেসহ ২জনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) মধ্যরাতে হোমনা পৌরসভার পূর্বপাড়া এলাকায় জনৈক বারিক মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ দুর্গাপুর (মোল্লা বাড়ি) গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মো. মাসুদ রানা ওরফে ফিজার (৩৮) এবং হোমনা পূর্বপাড়া এলাকার জহিরুল হক জহরের ছেলে নিয়ামুল হক তৃষাত (২৬)।
হোমনা থানার এস.আই মোহাম্মদ আনিস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন বলে নিশ্চিত করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
