মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
সন্তানের ঠাঁই নিয়ে দ্বন্দ্বের করুণ পরিণতি: 
প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুন
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ১:৩৭ এএম |

প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারী খুনমোঃ হাবিবুর রহমান ।।
মা ও মেয়ের একসঙ্গে বেঁচে থাকার লড়াইয়ে শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াল এক নির্মম রক্তের দাগ। ৮ বছরের কন্যাসন্তানকে নিজের হেফাজতে নেওয়ার বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন সুখিয়া বেগম (৪২) নামের এক মা।
সোমবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ব্যস্ততম কোম্পানীগঞ্জ বাজারে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সুখিয়া বেগম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অন্যদিকে অভিযুক্ত প্রাক্তন স্বামী শরীফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরীফ মিয়ার সঙ্গে বিয়ে হয় সুখিয়া বেগমের। কিন্তু শরীফের মাদকাসক্তি ও নিত্যদিনের পারিবারিক কলহের জেরে তাদের সংসারে অশান্তি স্থায়ী রূপ নেয়। একপর্যায়ে দাম্পত্য জীবনের এই টানাপোড়েন ডিভোর্সে গড়ায় এবং প্রায় পাঁচ মাস আগে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
এই দম্পতির সংসারে রয়েছে ‘সুমাইয়া আক্তার’ নামে আট বছর বয়সী একটি কন্যাসন্তান। বিচ্ছেদের পর থেকেই শিশু সুমাইয়াকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন শরীফ মিয়া। অন্যদিকে, মেয়েকে ঘিরেই ছিল সুখিয়ার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মা সুমাইয়া বেগম মেয়েকে বুকে আগলে রাখতে দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনদের অভিযোগ, কন্যাসন্তান সুমাইয়াকে কিছুতেই প্রাক্তন স্বামীর জিম্মায় দিতে রাজি ছিলেন না সুখিয়া। আর এই না-রাজি হওয়াই কাল হলো তাঁর জন্য। তাঁদের ধারণা, এই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে বা সুযোগ বুঝে কোম্পানীগঞ্জ বাজারে সুখিয়ার ওপর চড়াও হন শরীফ মিয়া এবং প্রকাশ্যে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়েই তিনি পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে গেছেন। পুরো বিষয়টি বর্তমানে গুরুত্বসহকারে তদন্তাধীন রয়েছে। তথ্য যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।
দিনের আলোয় জনাকীর্ণ বাজারে এমন হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়ার এই জিঘাংসা শেষ পর্যন্ত আইনের ফাঁকফোকর পেরিয়ে বিচার কতদূর গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২