
বিরিয়ানি, তেহেরী, মোরগপোলাও এবং কাচ্চিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওরা জলের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর অভিযোগে কুমিল্লার রামঘাটলায় হাজী বিরিয়ানি হাউজের রান্না ঘরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বিকালে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে অভিযান চলে। জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ ও জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া বলেন, হাজী বিরিয়ানির স্বত্বাধিকারী আলম বেপারীকে ৫০ টাকা জরিমানা করা হয়। তারা খাবারে যে কেওরার জল ব্যবহার করছিল তা নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে নিষিদ্ধ এবং খাবারে গোলাপজল ব্যবহারের কোন আইনি বৈধতা নেই। শুধুমাত্র সুগন্ধির জন্য এসব কৃত্রিম মসলার তরল ব্যবহার করা হচ্ছিল। যা মানুষের হৃদরোগ এবং কিডনিজনিত রোগের অন্যতম কারণ। তারা যে কেওরার জল ব্যবহার করছিল সেখানে কেওরার কোন অস্তিত্বই পাওয়া যায়নি। এজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
