১১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় আকস্মিক পরিদর্শনে আলেকজান মেমোরিয়েল হাইস্কুল ও কলেজে যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ এবং কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া।
পরিদর্শনকালে বিদ্যালয় শাখার দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার্থী এবং কলেজ শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি সন্তোষজনক দেখে সন্তোষ প্রকাশ করেন বোর্ড চেয়ারম্যান। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, পড়ালেখার খোঁজখবর নেন এবং ভালো ফলাফল অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
এ সময় কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পুরস্কৃত করার ঘোষণা দেন।
প্রতিষ্ঠানটির ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৭৮ দশমিক ০৯ শতাংশ এবং এইচএসসি পরীক্ষায় ৯১ দশমিক ৭৮ শতাংশ পাসের হার অর্জনের বিষয়টি উল্লেখ করে চেয়ারম্যান দুই শাখার শিক্ষক ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। বিশেষ করে এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৩তম স্থান অর্জন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কলেজ শাখার শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন বোর্ড চেয়ারম্যান। কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের অনুকরণীয় হয়ে ওঠার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
শিক্ষা বোর্ডের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার আকস্মিক আগমনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিযুষ কান্তি সরকার, সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম ভূঁইয়া, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, গভর্নিং বডির (অ্যাডহক কমিটি) শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক নুরুল ইসলামসহ কলেজ শাখার সহকারী অধ্যাপক ও প্রভাষক, বিদ্যালয় শাখার সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক এবং কর্মচারীরা অতিথিদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। এ সময় তাঁরা অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তোলেন।
পরিদর্শন শেষে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ ও কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া প্রতিষ্ঠানের পরিদর্শন খাতায় স্মৃতিস্বাক্ষর করেন। তাঁদের এ আকস্মিক পরিদর্শন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
