সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
১১ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে ১১ হাজার ৪১৮ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানগুলোতে এসব গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনা ঘটে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
এ ছাড়া ওই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়। দেশটি থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও ২৯ জনকে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োজিত করার অভিযোগে ১৫ জনকেও আটক করেছে কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশটিতে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী।
আটক ব্যক্তিদের মধ্যে ২২ হাজার ৪৫১ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে পাঠানো হয়েছে। এ ছাড়া ৯ হাজার ৮০০ জনকে দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়েছে।
এদিকে অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা এ ধরনের কাজে সহযোগিতা করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হুঁশিয়ারি অনুযায়ী, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও জব্দ করা হতে পারে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২