ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোজাম্মেল হক ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে।
বহিষ্কৃত মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং দুলালপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য। তাঁর বাড়ি ওই ইউনিয়নের বেজুরা গ্রামে।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু নির্দেশে এনামুল হক মজুমদারের সহ দপ্তর দায়িত্ব প্রাপ্ত এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্যসহ আটকের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোজাম্মেল হক ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালায় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। এ সময় খামারের একটি টিনশেড ঘর থেকে মোজাম্মেল হক ভূঁইয়া ও নূরে আলম ভূঁইয়া (৪০) নামের দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪০০টি ইয়াবা বড়ি উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। গ্রেপ্তার নূরে আলম উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান বলেন, মোজাম্মেল কয়েক বছর ধরে দলের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। জেলা যুবদল তাঁকে বহিষ্কার করেছে।
