নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন(২৩) ও তার মা তাহমিনা বেগম (৪৮) কে হত্যার ঘটনায় ঝাঁরফুক করা কবিরাজ মোবারক হোসেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুমিল্লার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এই রায় দেন। মৃত্যুদণ্ড ছাড়াও তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লার আলোচিত ও চাঞ্চল্যকর এ জোড়া খুনের মামলায় পুলিশ চার্জশিট প্রদানের পর তিন মাসের মধ্যে এর বিচারকার্য শেষ হয়েছে। এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এছাড়া দণ্ডিত আসামিও আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আসামি পক্ষে কোন আইনজীবী না থাকায় মামলার বিচার কার্য যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আদালত একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছেন। সে আইনজীবীও সাক্ষীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন। আসামীদের স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজকে (গতকাল) এই রায় দেন।
এপিপি আব্দুল মোতালেব মজুমদার আরো বলেন, হত্যার আগে কবিরাজ মোবারক সুমাইয়াকে ধর্ষণ করে এবং তা দেখে ফেলায় তার মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। পরে সুমাইয়াকেও হত্যা করে সে।
মামলার বাদী ও তাহমিনা বেগমের বড় ছেলে তাজুল ইসলাম বলেন, আমরা এই মামলার রায়ে সন্তুষ্ট। যদি উচ্চ আদালতে এই মামলাটি যায় সেখানেও যেন আমরা ন্যায় বিচার পাই সেই প্রত্যাশা করছি।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে নিহত তাহমিনা বেগম সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী। তাঁর মেয়ে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার সময় তাঁরা বাসায় একা ছিলেন। ৭ সেপ্টেম্বর রাতে তাহমিনা বেগমের দুই ছেলে বাসায় ফিরে হত্যার বিষয়টি টের পান। পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তাহমিনা বেগমের বড় ছেলে মো. তাজুল ইসলাম। সেদিনই পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং ওই দিন রাতেই তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। দণ্ডিত আসামি মোবারক বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
