# খুন, ধর্ষণ, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ
# অপরাধের তথ্য নেই থানা-পুলিশের নথিতে
#পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে : অতিরিক্ত পুলিশ সুপার
প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের মধ্যে অন্যতম কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়। কিন্তু এ পাহাড়ে ক্রমেই ঘটছে অপরাধের ঘটনা। এই পাহাড় এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে লালমাই পাহাড় ও আশপাশের নির্জন এলাকায় হত্যা, ধর্ষণ, ছিনতাই, মাদক, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একের পর এক গুরুতর অপরাধের ঘটনা সামনে এলেও প্রাণভয়ে মুখ খুলতে চাইছে না পাহাড় এলাকার বাসিন্দারা। অভিযোগ রয়েছে, পর্যটন এই এলাকায় পর্যটকরাও নানা হয়রানির শিকার হচ্ছেন। এছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পাহাড়ি জনগোষ্ঠি আছেন চরম ভয়ে-আতঙ্কে। গত কয়েক বছরে পাহাড়কেন্দ্রিক একাধিক অপরাধের ঘটনা গণমাধ্যমে উঠে এলেও এসব ঘটনার সামগ্রিক চিত্র, পাহাড়ের নির্দিষ্ট এলাকাভিত্তিক অপরাধের সংখ্যা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য নেই পুলিশের হাতে। তবে টুরিষ্ট পুলিশ বলছেন, পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন পুলিশ। পর্যাপ্ত নিরাপত্তা না পেলে এখানে পর্যটক আসা কমে আসার শঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।
জানা গেছে, কুমিল্লা শহর থেকে ৯ কিলোমিটার পশ্চিম ও উত্তর-দক্ষিণে বিস্তৃত লালমাই পাহাড়। এই পাহাড়ের আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার এবং সর্বোচ্চ উচ্চতা প্রায় ৫৫ মিটার হলেও গড় উচ্চতা ২১ মিটার। এর উত্তরের শেষ প্রান্তে পাহাড়চূড়ায় রয়েছে রাণী ময়নামতির প্রাসাদ এবং দক্ষিণ দিকের শেষ প্রান্তে পাহাড়চূড়ায় রয়েছে প্রাচীন চণ্ডীমুড়া মন্দির। এই পাহাড়-টিলা ও মাটির রং লাল। ধারণা করা হচ্ছে, আনুমানিক ১০ থেকে ২০ লাখ বছরের প্রাচীন প্লাইস্টোসিন অধিযুগের লাল রঙের পললে ঢাকা এই লালমাই-ময়নামতি পাহাড়। এই পাহাড় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রাচীন সমতট রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী ছিল।
অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় সংগঠিত অপরাধগুলোর মধ্যে লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার পর দেশব্যাপী আলোচিত হয় লালমাই পাহাড়। নতুন করে পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শুরু হয় নানা আলোচনা। অপ্রতিম হত্যাকাণ্ডের পর গত কয়েক বছরে পাহাড়ের নির্জন এলাকায় ঘটে যাওয়া খুন, ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনাও সামনে আসতে শুরু করে। এর মধ্যে আলোচিত হত্যাকাণ্ডগুলোর একটি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় ময়নামতি সেনানিবাস এলাকায় একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি এখনও। মামলাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। এছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাহাড়ের চন্ডিমুড়া এলাকা থেকে রিফাত নামে ৯ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এর তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু রিফাত। ৩০ আগস্ট লালমাই পাহাড় এলাকায় ঘুরতে নিয়ে এসে দশম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে কয়েকজন তরুণের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ। ২০২৩ সালে লালমাই পাহাড়ের হাতিগাড়া এলাকা থেকে মেহেদী হাসান নামে এক কিশোর অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এই ছাড়াও লাল মাই পাহাড় এলাকায় প্রতিদিন কোন না কোন অপরাধ সংগঠিত হচ্ছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পাহাড়ের বিভিন্ন নির্জন স্থানে সন্ধ্যার পর অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বাড়ে। কিছু এলাকায় মাদক সেবন, মাদককেন্দ্রিক বিরোধ এবং দলবদ্ধ কিশোর গ্যাংয়ের অবস্থানের অভিযোগও রয়েছে। পাহাড়ের দুর্গম পথ, ঘন গাছপালা ও পর্যাপ্ত নজরদারির অভাব অপরাধীদের সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন তাঁরা। বাসিন্দারা জানায়, রাত যত গভির হয় পাহাড়ে অপরাধীদের রুপ তত ভয়ঙ্কর হয়। তারা প্রথমে রাতে বেশ কিছু স্পটে জড়ো হয়ে মাদক সেবন করে। এরপর ছিনতাই ডাকাতিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে।
লালমাই পাহাড়ের এলাকার বড় ধর্মপুর গ্রামের বাসিন্দা মো. রাব্বানী (ছদ্মনাম) বলেন, পাহাড়ের বেশ কিছু নির্জন স্থানে ওপেন মাদক বিক্রি, অপহরণের পর মুক্তিপণ আদায়সহ নানা অপরাধ ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনী এখানে অভিযান চালাতে সাহস পায়না। এখানে দিনের বেলায়ও মানুষ যেতে ভয় পায়। পাহাড়ের ভাঁজে ভাঁজে অপরাধীদের অভয়ারণ্য গড়ে উঠেছে।
অনুসন্ধানের আরও জানা গেছে, ২০০৬ সালে পাহাড়ের সালমানপুর এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৪ সালে লালমাই পাহাড় কেটে প্রতিষ্ঠিত হয় সিসিএন বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট ও সিসিএন মডেল কলেজ। পরে এসব এলাকায় বেশ কিছু রিসোর্ট ও বিনোদন কেন্দ্র স্থাপন করা হয়। এতে পাহাড়ি এলাকার বিভিন্ন নির্মাণধীন স্থাপনা ও পর্যটন কেন্দ্রে নীরব চাঁদাবাজি শুরু হয়।
এছাড়া পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শালবন বিহার, ময়নামতি জাদুঘর, কুমিল্লা বার্ড, রানি ময়নামতি, রেশম শিল্প ও ওয়ার সিমেট্রিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও পর্যটনকেন্দ্রে প্রতিদিন হাজারো দর্শনার্থী ঘুরতে আসেন। তাঁদের অনেকেই পাহাড় ও আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি ও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় সুত্র বলছে লালমাই পাহাড়ের অধিকাংশ জেলার সদর দক্ষিণ থানা এলাকায় অবস্থিত। বিশাল এ পাহাড়ি এলাকায় অপরাধ দমনে কোটবাড়ি থেকে দূরে গন্দমতি এলাকায় আছে একটি পুলিশ ফাঁড়ি। তাই অপরাধ দমনে পাহাড়ি এলাকায় পুলিশের বড় নজরদারিা খুবই অভাব।
সালমানপুর এলাকায় স্কুলশিক্ষক শাকিল আহমেদ (অপু) বলেন, স্বাধীনতার আগে পাহাড়ি এসব এলাকায় বড় কোন স্থাপনা ও রাস্তাঘাট ছিল না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় হওয়ার পর বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনার কারণে অপরাধের চিত্রও পাল্টেছে। ছিনতাই, চাঁদাবাজি সবই হচ্ছে অহরহ। তবে অধিকাংশ ঘটনারই থানা পর্যন্ত অভিযোগ যায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক শালবন এলাকার একাধিক বাসিন্দা বলেন, ঘুরতে এসে প্রায়ই বখাটে ছেলেদের হাতে পর্যটকরা হয়রানীর শিকার হচ্ছেন। টাকা-পয়সা মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। নিয়মিত মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে থাকেন কিশোর গ্যাং সদস্যরা। ২/৪ জন টুরিষ্ট পুলিশ দিয়ে বড় পাহাড়ি ও পর্যটন এলাকায় নিরাপত্তা দেয়া সম্ভব নয়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত টহল অভিযান ও নজরদারি বাড়ালে পাহাড়ি এলাকায় অপরাধ কমে আসবে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, একের পর ঘটনায় লালমাই পাহাড় এখন আলোচিত। এটি দেশের সম্পদ কিন্তু অপরাধীদের কারণে এই সম্পদ বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য থানা ও টুরিস্ট পুলিশসহ আইনশৃৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল অভিযান জোরদার করলে আস্তে আস্তে অপরাধের সংখ্যা কমে আসবে।
কুমিল্লা ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান মো: শাহীন আলম বলেন, কুমিল্লার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অপরাধমূলক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব পড়েছে জেলার পর্যটন খাতে। এতে পর্যটকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যার কারণে দূর-দূরান্তের পর্যটকরা এখানে আসতে ভয় পাচ্ছেন। এখন দেখা গেছে, পর্যটকরা ময়নামতি, শালবন বিহার বা লালমাই পাহাড় এলাকায় ঘুরতে এসে নিরাপত্তা কর্মীদের কাছে জানতে চান ‘ওইদিকে যাওয়া যাবে কিনা? অর্থাৎ পর্যটকরা ঘুরতে এসেও ভয়-আতঙ্কে থাকেন, কোথায় যাওয়া যাবে আর কোথাও যাওয়া যাবেনা। কোটবাড়ি ও লালমাই পাহাড় এলাকায় যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে সবগুলো পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সংখ্যা কমে আসছে। এভাবে চলতে থাকলে কুমিল্লার পর্যটন শিল্প মারাত্মক হুমকির মুখে পড়বে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, লালমাই পাহাড় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওখানে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। ফাড়ির ইনচার্জের নেতৃত্বে প্রতিদিন পাহাড়ি এলাকায় টহল দেয়া হচ্ছে। সামনে যাতে কোন ধরণের অপরাধ সংগঠিত না হয় সেদিকে নজর রাখা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, শুধু লালমাই পাহাড় এলাকায় নয়, আমরা যেখানে সুনির্দিষ্ট অভিযোগ পাই সেখানেই অভিযান চালাচ্ছি। প্রতিদিন ২০০-২৫০জন অপরাধী গ্রেপ্তার করা হচ্ছে। লালমাই পাহাড় এলাকায় যারা চিহ্নিত অপরাধী তাদের তালিকাও আমাদের কাছে আছে আমরা তাদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালাচ্ছি। পাহাড়ি এলাকায় পুলিশের কয়েকটি টিম নিয়মিত টহল দিচ্ছে। অপরাধী যত বড়ই হোক বা যে-ই হোক কুমিল্লায় কোন অপরাধীদের স্থান হবে না।