সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন এমপি জসিম
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম |

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ীকে নিজস্ব তহবিল থেকে ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো পরিদর্শন শেষে তিনি প্রত্যেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে সহায়তা দেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি৷ পরিদর্শনকালে এমপি জসিম উদ্দিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাহেবাবাদ বাজার পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় জসিম উদ্দিন জসিম বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এ ধরনের দুর্ঘটনা মানুষকে নিঃস্ব করে দেয়। সাহেবাবাদ বাজারে এতগুলো ব্যবসাপ্রতিষ্ঠান চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাওয়া মেনে নেওয়ার মতো নয়। ব্রাহ্মণপাড়ায় দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন বাস্তবায়নে আমি ও উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে ব্রাহ্মণপাড়ায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান চেয়ারম্যান, সাহেবাবাদ বাজার পরিচালনা কমিটির সভাপতি ফরিদ চেয়ারম্যান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সার্জেন্ট শফিকুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কবির ইসলাম এবং সাহেবাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক পল্টুসহ স্থানীয় নেতারা। জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। আগুনে দোকান ও মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও ব্যবসার প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘদিনের সঞ্চয় ও ব্যবসার পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় উপজেলা প্রশাসন ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের দুটি দলও ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২