নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন বায়োগ্যাস প্ল্যান্ট বর্তমান সময়ে বাংলাদেশে জ্বালানী সংকট কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বায়োগ্যাস প্ল্যান্টের সম্ভাবনা কাজে লাগাতে আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়া গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরন প্রশিক্ষণের উদ্বোধন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার সবচেয়ে বেশি বদ্ধপরিকর। কারণ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হয়ে পরিবারকে স্বাবলম্বী করবে। এতে করে সর্বোপরি বাংলাদেশ স্বাবলম্বী হবে। এই লক্ষ্য নিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে আগামী এক মাসের মধ্যে একটি বৃহৎ আকারে প্রত্যেকটি উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকও বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় গুলো থেকে দূরে থাকতে আগামী প্রজন্মের জন্য খেলার উপযোগি মাঠ তৈরি করে দেওয়া হবে।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-০৫ আসনের এমপি মো. জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক একে এম মহিবুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আশিক খান প্রমুখ। পরে গ্রামীণ উদ্যোক্তাদের বায়োগ্যাস প্লান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।
