শাহীন আলম ।।
কুমিল্লার দেবিদ্বারে জিপিএ-৫ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনার আয়োজন করেন সামাজিক সংগঠন মোহাম্মদপুর শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর ইসলামীয়া আলীম মাদরাসা মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৬০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান । এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল।
বক্তব্যে প্রধান অতিথি প্রফেসর ড. আতিয়ার রহমান বলেন, জীবনে সফল হতে হলে সামনে একজন আইডল বা আদর্শ ব্যক্তিত্ব থাকতে হবে। অনেকেই দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েও জীবনের লক্ষ্য এবং সঠিক আইডল না থাকায় চূড়ান্ত সফলতায় পৌছতে পারে না। আমি এমন অনেককে চিনি। অনেকে হযরত মুহাম্মদ (সঃ) কে আইডল মানেন, বস্তুবাদীরা হয় অন্যকাউকে আইডল মানেন। সামনে একজন আইডল থাকলে তাকে অনুকরণ করে পথভ্রষ্ট হওয়া যায় না। সঠিক আইডল না থাকায় মাদকসহ নানা বাজে অভ্যাস ও বিভ্রান্তি তাদের জীবনকে ধ্বংস হয়।তাই সফল ও আদর্শ মানুষ হতে হলে লক্ষ্য ঠিক রেখে মাদকের মতো খারাপ পথ থেকে নিজেকে দূরে থাকতে হবে। তোমাদের লাইফ সবেমাত্র শুরু । তোমাদের দেশ দেশের মানুষ ও এই সমাজের জন্য কাজ করতে হবে। এখনই সময় তোমাদের চূড়ান্ত লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সোলায়মান কবির মাসুমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মাও. মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামীয়া মোহাম্মদপুর কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা মো. তাজুল ইসলাম শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মো. মিজানুর রহমান, দেবিদ্বার হিলফুল ফুযুল ট্রাস্টের ট্রাস্টি সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম এবং মোহাম্মদপুর ইসলামীয় আলীম মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ মহিউদ্দিন মুন্সী। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বই তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ‘সাইমুম শিল্পীগোষ্ঠী ’ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘আজাদী মঞ্চ’। অনুষ্ঠানে স্থানীয় কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
