
আগামীকাল (শনিবার) রাত সাড়ে আটটায় সাফের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আজ সকালে অনুশীলন সেশন থাকলেও ম্যাচ ফ্লাড লাইটে হবে বলে সেটি বাতিল করে বাংলাদেশ। ম্যাচের আবহে অনুশীলন করতে তারা লাইটের আলোয় অনুশীলন করেছে।
ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের হেড কোচ থমাস ডুলি মিডিয়ার সামনে এসেছিলেন। তিনি কাল সেমিফাইনালকেই ফাইনাল হিসেবে দেখছেন, ‘এই ম্যাচটি সত্যিকার অর্থেই ফাইনাল, কারণ আমি মনে করি পাকিস্তান অন্যতম সেরা দল। অথবা বাকি দলগুলোর মধ্যে এখানে সেরা দল। তাই ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতেই হবে, আর ফাইনাল জিততে এবং সাফ টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’
পাকিস্তান দলে পাঁচজন ফুটবলার নতুন যুক্ত হয়েছেন। এতে তাদের শক্তি আরও বেড়েছে। এনিয়ে বাংলাদেশের কোচের বক্তব্য, ‘পাকিস্তানের বিপক্ষে খেলাটাই সম্ভবত সবচেয়ে কঠিন হবে। ওরা খুব শক্তিশালী। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে ওরা দারুণ ফল পেয়েছিল এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। তাই বিষয়টি কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে। দেশের বাইরে থেকে আসা পাঁচজন খেলোয়াড়ের অবশ্যই অসাধারণ ফুটবল-জ্ঞান রয়েছে, কারণ ওরা ইউরোপের উচ্চতর স্তরে খেলে। তাই ওদের সামলানোটাও খুব কঠিন হবে।’
পাকিস্তান গত দুই ম্যাচে পাঁচ গোল করেছে। এর মধ্যে একজনই করেছেন তিন গোল। এ নিয়ে অবশ্য চিন্তিত না হয়ে জিদান-তারিকের ওপর ভরসা রাখতে চান ডুলি, ‘আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে এটাও মনে রাখতে হবে, আমাদের রক্ষণভাগও বেশ শক্তিশালী। আমাদের বিপক্ষেও কেউ গোল করতে পারেনি। এর অর্থ হলো আমরা ম্যাচের পর ম্যাচ আরও শক্তিশালী হয়ে উঠছি এবং এ কারণেই আমাদের রক্ষণভাগের ওপর আমার আস্থা আছে। রক্ষণে ওরা খুব শক্তিশালী, ওয়ান-অ্যাগেইনস্ট-ওয়ানে খুব ভালো।’
পাকিস্তান ৮ নভেম্বর গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। তারা পাঁচ দিন বিশ্রাম পেয়েছে সেমিফাইনালের আগে। বাংলাদশেকে ৭২ ঘণ্টার মধ্যে আবার খেলতে হচ্ছে। এতে খানিকটা পার্থক্য হতে পারে বলে মনে করেন ডুলি, ‘বেশি বিশ্রাম পেলে তা কিছুটা সাহায্য তো করেই। কিন্তু আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে আপনাকে যে প্রতিটি ম্যাচ খেলতে হয়, তার সব কটিই ফাইনাল। তবে সে ক্ষেত্রে এ ধরনের ম্যাচে, গত ম্যাচে আমাদের মধ্যে যেমন অ্যাড্রেনালিন, আনন্দ আর প্রাণশক্তি ছিল, তেমনটা থাকলে এক দিন বা দুই-তিন দিন বিশ্রাম পাওয়াতে কোনো পার্থক্য হয় না। এটা আসলে মানসিকতার ব্যাপার—শারীরিক ও মানসিকভাবে আপনি ম্যাচটির জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করছেন।’
বাংলাদেশ ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। দুই ম্যাচে প্রকৃত কোনো নাম্বার নাইন ছিলেন না। ভুটান ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে নাম্বার নাইনে খেলানো হয়েছে। পরের ম্যাচে খেলেছেন ইব্রাহিম। এই পজিশন নিয়ে ডুলি বলেন, ‘চারটি গোল করলে তো অবশ্যই স্বস্তি লাগে। একটা বিষয় হলো, সবাই বলছিল বিশ্বনাথ 'নাম্বার নাইন' নয়, ইব্রাহিমও 'নাম্বার নাইন' নয়—সে নাম্বার টেন ও নাম্বার ইলেভেন। কিন্তু বিশ্ব এমন একজন, যে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে; আর একজন নাম্বার নাইন হিসেবে আপনাকে এমন পজিশনে যেতেই হবে যেখানে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে, যা অনেকেই করে না। ও সেটা করেছে। ওই ম্যাচে হামজা থাকলে হয়তো বিশ্ব নিজেও এক-দুটি, এমনকি তিনটি গোলও করতে পারতো। ও তিনটি সুযোগ পেয়েছিল, অল্পের জন্য হয়নি। এ কারণেই আমরা গোল করায় আমি খুশি।’
ফুটবলে চিরন্তন প্রবাদ, ম্যাচ জেতান স্ট্রাইকাররা, ট্রফি জেতান ডিফেন্ডাররা। বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সাদ উদ্দিন ইনজুরিতে। তার অনুপস্থিতি নিয়ে ডুলি বলেন, ‘আমাদের হাতে যে খেলোয়াড় আছে, আমি তাকে নিয়েই ভাবছি। বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুব দুঃখজনক, কারণ সাদ এমন একজন খেলোয়াড় যে যখনই খেলে, যখনই মাঠে নামে—এমনকি অনুশীলনেও—সব সময় শতভাগ দেয়। ডান প্রান্তে সে খুব শক্তিশালী একজন ডিফেন্ডার ছিল; অত্যন্ত আক্রমণাত্মক মানসিকতার, রক্ষণাত্মক কাজে ভালো, দক্ষ এবং খুব কঠোর পরিশ্রমী। তাই আগামীকাল অবশ্যই তাকে মিস করা হবে এবং অন্য একজন খেলোয়াড় দিয়ে আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে।'
তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথের ফিটনেস নিয়ে কোচ বলেন, “ওরা সবাই এসে বলছে, ‘আমি খেলতে চাই, আমি খেলতে চাই, আমি খেলতে চাই।’ সবাই খেলতে চায়। দলে এমন কেউ নেই (যে খেলতে চায় না), তবে আপনাদের এটাও বুঝতে হবে—উদাহরণস্বরূপ তপুর কথাই ধরুন: ও সর্বশেষ কবে ম্যাচ খেলেছে? ইতালির সান মারিনোতে। ও কয় দিন অনুশীলন করেছে? এখানে ওর দোষ নেই। ও প্রস্তুত আছে এবং এটা খুব ভালো লক্ষণ। বাকিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।”
সমর্থকরা ফুটবলের প্রাণ। আগামীকাল সেমিফাইনালে পাকিস্তানকে হারালে বাংলাদেশ ২১ বছর পর সাফের ফাইনালে উঠবে। দর্শকদের উদ্দেশ্যে ডুলির বার্তা, ‘আমার একটি বার্তা আছে। স্টেডিয়ামে সম্ভবত আট-নয় হাজার আসন ফাঁকা ছিল। তাই আপনারা যদি সেগুলো পূর্ণ করে দেন, আমাদের খেলোয়াড়দের এবং পুরো দলকে এগিয়ে যেতে উৎসাহ দেন এবং শেষ মুহূর্তে আমাদের যে বাড়তি শক্তির প্রয়োজন হয় তা জোগান, তবে খুব ভালো হবে। অভিজ্ঞতাটা দারুণ ছিল। স্টেডিয়ামের পরিবেশ খুব ভালো ছিল, গর্জন ছিল, অনেক সমর্থন ছিল—যারা মাঠে এসেছিলেন, সেই সমর্থকদের কাছ থেকে পাওয়া সমর্থন ছিল অসাধারণ। তবে আরও কিছু দর্শক এলে তা আমাদের আরও বেশি সাহায্য করবে।’
