রোববার ● ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় খুব শীঘ্রই বিকেএসপি প্রতিষ্ঠিত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৪.১১.২০২৬ ১২:৪১ এএম |

কুমিল্লায় খুব শীঘ্রই বিকেএসপি প্রতিষ্ঠিত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকেলে বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি কুমিল্লার ক্রীড়া উন্নয়নে নতুন এই আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী জানান, ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শীঘ্রই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। ১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জমজমাট টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।’ জাতীয় পর্যায় থেকে শুরু করে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২