নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চলতি মাসের প্রথম ১১ দিনে ২ হাজার ৭৬৫ জনকে আটক করেছে পুলিশ। গত ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এসব অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লাজুড়ে অপরাধ প্রবণতা রুখতে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালাচ্ছে। বিশেষ করেন কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে-এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে জেলা পুলিশ বদ্ধপরিকর বলেও জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
