নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মেধাবৃত্তি অ্যাসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লার ছয়টি কেন্দ্রে এ পরীক্ষায় মোট ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো-নেউরা মমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়, দারুল কুরআন একাডেমি, অক্সফোর্ড একাডেমি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, লালমাই উচ্চ বিদ্যালয় এবং বরুড়ার আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়।
অ্যাসোসিয়েশনের প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী, সংগঠনের সভাপতি আব্দুল মালেক, সহসভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ কাজল, অর্থ ও শিক্ষা সম্পাদক জাবের হোসেন, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক কামরুল ইসলাম।
ছয়টি কেন্দ্রে একযোগে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে এ আয়োজন কুমিল্লার শিক্ষার্থীদের মেধা যাচাই ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সহসভাপতি আবুল কাশেম বলেন “শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাও আমাদের লক্ষ্য। ছয়টি কেন্দ্রে ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের আয়োজনকে উৎসাহিত করেছে।
সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ কাজলের বক্তব্যে বলেন কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের উৎসাহিত করাই এ বৃত্তি পরীক্ষার অন্যতম উদ্দেশ্য। আমরা চাই, অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর মেধা বিকাশের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষার পাশাপাশি সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। মেধা ও মননশীলতার সমন্বয়েই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ।
অভিভাবকরা জানান এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মেধা অন্বেষণ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ স্বপ্নপূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
