নিজস্ব প্রতিবেক: দুই দিনের সফরে আজ শুক্রবার (১৩ নভেম্বর) কুমিল্লায় আসছেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন (এমপি)। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তাঁর যোগদান করবেন বলে জানা যায়। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, গণপূর্ত মন্ত্রী আজ শুক্রবার সকাল ১০টায় গুলশানস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে বরুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর সাড়ে ১২টায় বরুড়া উপজেলা ডাকবাংলোতে পৌঁছানোর পর বিকেল ৩টায় তিনি 'এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সন্ধ্যা ৬টায় আড্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিয়ে সোনাইমুড়ি নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় সোনাইমুড়ি থেকে কুমিল্লা বার্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। সেখানে দুপুর ১২টায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল আয়োজিত 'বাংলাদেশী জাতীয়তাবাদ' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। এরপর পর্যায়ক্রমে তিনি আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ে 'মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন' কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠান, ভাইকসার ইউনিয়ন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, দলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসার ৫৬তম বার্ষিক কুরআন খতম ও মিলাদ মাহফিল এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। সবশেষে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করবেন।
উক্ত সফরে মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সহকারী একান্ত সচিব মো: মোয়াজ্জেম হোসেন (কল্লোল), জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে ক্লোজ প্রটেকশন অফিসার (সিপিও) হিসেবে এএসআই এইচ.এম সোহাগ রানা ও মো: শাহীন আলম দায়িত্ব পালন করবেন।
