কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম. আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভা সঞ্চালনা করেন দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের সব পদমর্যাদার পুলিশ সদস্য তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা, অভাব-অভিযোগ ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব, নৈতিকতা, প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
অক্টোবর মাসে মামলা যথাযথভাবে তদারকি এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়াকে বিশেষ স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
এ ছাড়া অক্টোবর মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ক ক্যাটাগরিতে দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম, খ ক্যাটাগরিতে চান্দিনা থানার মো. নুরুজ্জামান এবং গ ক্যাটাগরিতে মনোহরগঞ্জ থানার মাকছুদ আহাম্মদকে ক্রেস্ট দেওয়া হয়।
এ ছাড়া প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ক্রেস্ট ও অর্থ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা এবং জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
