প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে নিখোঁজের তিন দিন পর ডাকাতিয়া নদী থেকে রাকিবুল ইসলাম লিমন (১৯) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শেরপুর এলাকার কাছাকাছি ডাকাতিয়া নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
প্রতিবন্ধী লিমন পাশ্ববর্তী লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বাকই গ্রামের জামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) ভোরে শিকারীপাড়া ব্রিজের কাছে সর্বশেষ দেখা গিয়েছিল লিমনকে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ওই সময় ব্রিজের ওপর তার ব্যবহৃত হুইলচেয়ার পড়ে থাকতে দেখা যায়। ওইদিন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেন। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের তিন দিন পর বৃহস্পতিবার নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
লালমাই থানার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, খবর পেয়ে আজ দুপুরে নদী থেকে মরদেহটি উদ্ধার করি। অনুমানিক তিনদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটিতে পচন ধরেছে। নিহতের পরিবারের অনাপত্তি বা অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধারের পরপরই সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
