সৈয়দ মুজিবুর রহমান দুলাল।।
কুমিল্লার লাকসামে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১০ নেতাকে পুলিশ গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে পাঠিয়েছেন। লাকসাম পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাঁদেরকে পুলিশ গ্রেপ্তার করেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তার করে কুমিল্লার আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ।
গ্রেপ্তারকৃতরা হলেন- লাকসাম পৌরশহরের কুন্দ্রা গ্রামের ইসহাক মিয়ার ছেলে ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (৩৮), গাজীমুড়া গ্রামের আবদুল মজিদের ছেলে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হারুনুর রশীদ (৪৬), উত্তরকূল গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (৩২), উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন (৪০), কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন (টঙ্গিরপাড়) গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৪৪), আজগরা ইউনিয়নের ঘাঁটার নোয়াগাঁও গ্রামের সামছুল হুদার ছেলে ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিউল ইসলাম স্বপন (৪৩), বাকই (দক্ষিন) ইউনিয়নের তারাপুর গ্রামের আবদুল হামিদের ছেলে ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রাসেল (৩৮), মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের পাশাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম (২০), নগরীপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মানিক (২২) এবং গোবিন্দপুর ইউনিয়নের বেতিহাটি গ্রামের আমিনুল হকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন (৩০)।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের কতিপয় নেতাকর্মী ঘটনারদিন গভীর রাতে লাকসাম পৌরশহরের গন্ডামারা জবাইখানা এলাকায় সড়কের ওপর সমবেত হয়। তাঁরা রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকান্ড এবং নাশকতা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্র করছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। পরে পুলিশ লাকসাম পৌরশহরের বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯ (সংশোধনী ২০১৩) থানায় একটি মামলা (নং-০৫/১৩৯, তারিখ-১০.১১.২০২৬খ্রিঃ) রুজু করেন।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) মামলায় গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
