বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
ঋতুপর্ণাদের দায়িত্বে নতুন বিদেশি কোচ, আপত্তি নারী কমিটির চেয়ারম্যানের 
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১০.১১.২০২৬ ১:৩৯ এএম |

ঋতুপর্ণাদের দায়িত্বে নতুন বিদেশি কোচ, আপত্তি নারী কমিটির চেয়ারম্যানের 

বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত কোচ পিটার বাটলার। শারীরিক অসুস্থতায় তিনি ইংল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। ১ ও ৫ ডিসেম্বরে সিঙ্গাপুরে দু’টি প্রীতি ম্যাচে তাই অর্ন্তবর্তীকালীন কোচ প্রয়োজন ছিল ঋতুপর্ণাদের। এই দুই প্রীতি ম্যাচের জন্য আজ সকালে ঢাকায় এসেছেন ফরাসী কোচ এরিক মেইর। দু’টি প্রীতি ম্যাচের জন্য আকস্মিকভাবে বিদেশি কোচ আনার ব্যাপারে আপত্তি রয়েছে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের।
বাংলাদেশ নারী ফুটবল দলের দেখভালের দায়িত্ব নারী উইংয়ের। নারী দলে কোচ বদল কিংবা নিয়োগের বিষয়ে অবশ্যই নারী উইংয়ের চেয়ারম্যানের সম্মতি বা মতামত প্রয়োজন। ফরাসি কোচের বিষয়ে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ অবগত নন এমনটিই জানিয়েছেন,‘দু’টি প্রীতি ম্যাচের জন্য আমাদের টেকনিক্যাল ডিরেক্টরই যথেষ্ট ছিলেন। তিনি মেয়েদের সম্পর্কে জানেন ও বোঝেন। এই দুই ম্যাচের জন্য বিদেশি কোচের প্রয়োজন ছিল না।’ 
বিদেশি কোচের মান ও যোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে নারী উইংয়ের চেয়ারম্যানের,‘টেকনিক্যাল ডিরেক্টর ও সেক্রেটারি আমাকে ৩-৪ জন কোচের সিভি দিয়েছিল। সেই সিভি দেখে আমি বলেছিলাম এরা জুনিয়র পর্যায়ে কোচের জন্য যোগ্য, সিনিয়র নয়। সেই তিন-চার জনের মধ্যেই দেখলাম একজনকে কোচ করে আনা হয়েছে।’
তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের কমিটি ২০২৪ সালের ২৬ অক্টোবর নির্বাচিত হয়েছে। দুই বছর পেরিয়ে গেলেও নারী উইংয়ের কমিটি এখনো পূর্ণাঙ্গ হয়নি। মাহফুজা আক্তার কিরণ চেয়ারম্যান হিসেবে একাই কাজ করেন। মাঝে মধ্যে তার ঘনিষ্ঠ টিপু সুলতানকে নারী ফুটবলের কিছু অনুষ্ঠানে দেখা যায়। বাফুফে সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যান মিলেই নারী ফুটবলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। অর্ন্তবর্তীকালীন কোচের ইস্যুতে দুই জনের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট।
আজ বিকেলে বাফুফে ভবনের নিচে ঋতুপর্ণাদের নতুন কোচ সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তার আগমন প্রক্রিয়া সম্পর্কে বলেছেন,‘পিটার অসুস্থ এমতাবস্থায় ফেডারেশন কোচ খুঁজছিল। আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দুই ম্যাচের জন্য আসতে রাজি হয়েছি।’
হামজা-জামালদের কোচ নিয়োগের সময় ফেডারেশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছিল। এরপর একটি কমিটি সিভি যাচাই-বাছাই করে সাক্ষাৎকার হয়। বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপে খেলেছে। সেই দলের দুই ম্যাচের জন্য কোচ করা হলেও সেটা একটা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে হওয়া বাঞ্চনীয় ছিল। ফেডারেশন আভ্যন্তরীণভাবেই এগুলো করেছে, এমনকি যাতে মহিলা কমিটির চেয়ারম্যানের সম্মতি নেই। ইন্টারনেটেও কোচের জীবন বৃত্তান্ত কিংবা কোনো তথ্য সেভাবে পাওয়া যায়নি। ফেডারেশনও কোচের সিভি মিডিয়ায় দেয়নি।
সিঙ্গাপুরে দুই ম্যাচের জন্য ঋতুপর্ণারা চট্টগ্রামে অনুশীলন করছেন। ফরাসি কোচ আজ সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছাবেন। বাংলাদেশ নারী ফুটবল সম্পর্কে ভিডিও ফুটেজ ও ইন্টারনেটে তথ্য পেয়েছেন। এরপরও পিটারের স্টাইলই বজায় রাখতে চান,‘আমার ফোকাস শুধু দুই ম্যাচ। এর বাইরে কিছু ভাবছি না। মেয়েরা পিটারের স্টাইলে এত দিন খেলে আসছি। আমি সেটাই অনুসরণ করার চেষ্টা করব। নতুন কিছু করার সময় এখন নেই।’ পিটারের অনুশীলনই যদি তিনি অনুসরণ করেন তাহলে সিঙ্গাপুরে ফলাফলের কৃতিত্ব বা দায়ভার কি এরিক নেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,‘এটা তো কোচ হিসেবে আমাকে নিতেই হবে।’
পিটার বাটলার বাংলাদেশে এসেছিলেন যুব দলে একাডেমী কোচ হিসেবে। পরবর্তীতে তাকে নারী দলে হেড কোচ করা হয়। ২০২৪ সালে কাঠমান্ডু সাফে সিনিয়র খেলোয়াড়দের সাথে বিরোধ হয়। এরপরও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ফুটবলারদের সাথে বিরোধ থাকা সত্ত্বেও বাফুফে বাটলারের সাথে দুই বছর চুক্তি করে। তার কোচিংয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে উঠে।
তবে সিনিয়র ফুটবলারদের একেবারে ছেটে দেওয়া নিয়ে ফুটবলাঙ্গনে ব্যাপক প্রশ্নও উঠেছে। ২০২৬ সালে বাটলার সাফ, এশিয়া কাপ, এশিয়ান গেমস কোথাও কোনো সফলতা পাননি। এমনকি ঋতুপর্ণার মতো ফুটবলারকে এশিয়ান গেমসে বেঞ্চে রেখে সমালোচনায় পড়েছিলেন। বাটলারের চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাটলারের চুক্তি নবায়নের পক্ষে নন বাফুফে সভাপতিকে মাস খানেক আগেই জানিয়েছেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২