
২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্ন নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মিশনে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে সমর্থকদের সামনে এবার শিরোপা জিততে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেই স্বপ্ন পূরণে দলের অন্যতম বড় ভরসা হামজা চৌধুরী। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সাফের শিরোপা বাংলাদেশেই রাখা সম্ভব বলে হামজা চৌধুরীর নিজেও বিশ্বাস করেন।
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসের কথা শোনালেন বাংলাদেশের এই মিডফিল্ডার। প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের ফেভারিট হিসেবেই দেখছেন তিনি। হামজার ভাষায়, ‘আমার মনে হয়, আমরাই ফেভারিট।’
ঢাকার জাতীয় স্টেডিয়ামে বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের শুরুটা হয়েছে জয় দিয়ে। ৫ নভেম্বর উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা। অন্যদিকে ৮ নভেম্বর শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সুযোগ।
শ্রীলঙ্কাকে অবশ্য হালকাভাবে নিচ্ছেন না হামজা। তার চোখে, গত ১২ মাসে দলটি যথেষ্ট উন্নতি করেছে। তবে বাংলাদেশের উন্নতিতেও সন্তুষ্ট এই মিডফিল্ডার। প্রতিপক্ষের ওপর চাপ থাকলেও নিজেদের পরিকল্পনা ও সামর্থ্যের ওপর আস্থা রাখছেন তিনি।
হামজা বলেন, ‘শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল। আমার মনে হয়, গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি করছি। ভুটানের বিপক্ষে জয়ের পর আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। তাদের ওপরই বেশি চাপ, কারণ তাদের হার এড়ানো জরুরি। আমরা ম্যাচটির জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, জিতব।’
শুধু শ্রীলঙ্কা ম্যাচ নয়, হামজার ভাবনায় পুরো টুর্নামেন্ট। ২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২৩ বছর। এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছেন তিনি। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং সমর্থকদের ভালোবাসার প্রতিদান দেওয়াকে নিজের কাছে বিশেষ কিছু মনে করেন হামজা।
হামজা বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য সাফ জেতা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। মানুষ আমাকে যেভাবে সমর্থন ও ভালোবাসা দেখায়, তা অনেক অর্থবহ। ইংল্যান্ডে খেললেও বাংলাদেশের সমর্থকেরা খেলা দেখতে সেখানে যান। আমার পরিবার ও আমার কাছে বিষয়টি অনেক বড়। ইনশাআল্লাহ, আমরা তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারব।’
এবার সাফে নিজেদের ফেভারিট হিসেবেই দেখছেন হামজা। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বড় করে দেখছেন তিনি। তার মতে, ফুটবল দলীয় খেলা। শিরোপা জিততে হলে সবাইকে একসঙ্গে পারফর্ম করতে হবে। ঘরের মাঠে দর্শকদের সামনে আবার খেলতে পারার উত্তেজনাও লুকাননি এই মিডফিল্ডার।
বাংলাদেশের সাম্প্রতিক ম্যাচগুলোতে গোলের সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে না পারার বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষ করে মালয়েশিয়ার বিপক্ষে সুযোগ হাতছাড়া করার আক্ষেপ রয়েছে হামজার। তবে এটিকে বড় দুশ্চিন্তা হিসেবে দেখছেন না তিনি। বরং সুযোগ তৈরি করতে পারাকেই ইতিবাচক দিক মনে করছেন।
হামজার ভাষায়, ‘আমি চিন্তিত হতাম, যদি আমরা গোলের সুযোগই তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে গোল করতে পারতাম। এখন আমাদের কাজ সুযোগকে গোলে পরিণত করা। ইনশাআল্লাহ, আমরা সেটা পারব।’
স্ট্রাইকার পজিশনে ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তি এবং মোরসালিনদের উপস্থিতি নিয়েও আশাবাদী তিনি। তার বিশ্বাস, অনুশীলন ও ম্যাচের অভিজ্ঞতার মাধ্যমে আক্রমণভাগের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে। তাতে গোল করার সক্ষমতাও বাড়বে বাংলাদেশের।
মিডফিল্ডে খেললেও দলের প্রয়োজনে কখনো রক্ষণে, কখনো আক্রমণে দেখা যায় হামজাকে। এতে মাঝমাঠে তৈরি হওয়া শূন্যতা নিয়ে কোচের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
হামজা স্বীকার করেছেন, কখনো কখনো দলকে সাহায্য করতে গিয়ে তিনি একটু বেশিই দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন। তবে সতীর্থদের সামর্থ্যের ওপর তার আস্থা রয়েছে। ‘আমি কখনো কখনো হয়তো বেশি কিছু করার চেষ্টা করি, শুধু দলকে সাহায্য করার জন্য। আমাদের দলে আক্রমণ ও রক্ষণ দুই বিভাগেই ভালো খেলোয়াড় রয়েছে। আমাদের একে অপরের পরিপূরক হতে হবে। আন্তর্জাতিক ফুটবলে একসঙ্গে কাজ করার সময় খুব বেশি পাওয়া যায় না। তবে ধীরে ধীরে আমরা একই পরিকল্পনায় এগোচ্ছি,’ যোগ করেন হামজা চৌধুরী।
অধিনায়কের দায়িত্ব নিয়েও ইতিবাচক হামজা। কোচ তাকে অধিনায়ক করতে চাইলে দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে দলে তার চেয়ে বেশি অভিজ্ঞ ফুটবলার রয়েছেন, যারা জাতীয় দলের হয়ে প্রায় ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছেন। তার মতে, ড্রেসিংরুমে পারিবারিক পরিবেশ এবং সবার একসঙ্গে কাজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে ফুটবল নিয়ে নতুন করে তৈরি হওয়া উন্মাদনাও উপভোগ করছেন হামজা। শুধু তাকে ঘিরেই এই আগ্রহ নয় বরং শমিত সোম, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, ফাহমিদুল ইসলামসহ অন্য ফুটবলারদের উপস্থিতিও দলের প্রতি মানুষের আগ্রহ বাড়িয়েছে বলে তিনি জানান।
তবে সমর্থকদের এই উন্মাদনাকে মাঠে সাফল্যে রূপ দিতে চান হামজা। ‘সমর্থকেরা আমাদের খেলা দেখতে অনেক টাকা ও সময় ব্যয় করেন। এখন আমাদের দায়িত্ব ম্যাচ জিতে তাদের সেই ভালোবাসার প্রতিদান দেওয়া। পরবর্তী ধাপ হলো টুর্নামেন্ট জেতা,’ বলেন তিনি।
