বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপেকে
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১১.১১.২০২৬ ১:২৮ এএম |

ইয়ামালকে পেছনে ফেলে লা লিগার মাসসেরা এমবাপেকে

কিলিয়ান এমবাপে এখন আসলেই উড়ছেন। ব্যালন ডি’অরের হতাশা কাটিয়ে ব্যক্তিগত অর্জনে ফিরলেন রিয়াল তারকা, অক্টোবরের সেরা খেলোয়াড়ের লড়াইয়ে হারালেন বার্সেলোনার ইয়ামালকে।
ব্যালন ডি’অরের মঞ্চে প্রত্যাশিত সাফল্য না পেলেও মাঠের পারফরম্যান্সে তার জবাব দিতে শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন মৌসুমে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার লামিন ইয়ামালকে পেছনে ফেললেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড। অক্টোবর মাসের জন্য লা লিগার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এমবাপ্পের সঙ্গে ছিলেন বার্সেলোনার তরুণ তারকা ইয়ামাল, রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেটিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা থেকে শেষ পর্যন্ত সেরার স্বীকৃতি উঠেছে এমবাপ্পের হাতে।
অক্টোবরজুড়ে দুর্দান্ত ছন্দে ছিলেন এই ফরাসি তারকা। লা লিগায় তিন ম্যাচে করেছেন চার গোল। সেভিয়ার বিপক্ষে জোড়া গোলের পর এল ক্লাসিকোতেও একই কীর্তি গড়েন তিনি। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমবাপ্পে। ওই দুই গোলেই ব্যক্তিগত পারফরম্যান্সের দৌড়ে এগিয়ে যান তিনি।
অক্টোবর শেষে লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যা দাড়ায় ১১। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। চলতি লিগ মৌসুমে সরাসরি ১৩ গোলে অবদান রয়েছে তার।
অন্যদিকে, অক্টোবর মাসে ইয়ামালও ছিলেন উজ্জ্বল। তিন ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। তবে পুরো মৌসুমের পরিসংখ্যানে এমবাপ্পের চেয়ে এগিয়ে ছিলেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। অক্টোবর শেষে তার নামের পাশে ছিল আট গোল ও ছয় অ্যাসিস্ট, মোট ১৪ গোলে অবদান।
তবে মাসসেরার লড়াইয়ে ব্যবধান গড়ে দিয়েছে গোল করার সক্ষমতা। তিন ম্যাচে এমবাপ্পের চার গোলের বিপরীতে ইয়ামালের গোল ছিল মাত্র একটি। আর তাতেই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে বার্সা তারকাকে পেছনে ফেলেন রিয়াল ফরোয়ার্ড।
ব্যালন ডি’অরের মঞ্চেও দুজনের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা। সর্বশেষ আসরে হ্যারি কেইনের কাছে পুরস্কার হারিয়ে দ্বিতীয় স্থানে থাকতে হয় এমবাপ্পেকে। ইয়ামালও পাননি প্রত্যাশিত স্বীকৃতি। তবে সেরা তরুণ খেলোয়াড়ের জন্য নির্ধারিত কোপা ট্রফি জিতে কিছুটা হলেও সেই হতাশা কাটিয়েছিলেন তিনি। এবার লা লিগার ব্যক্তিগত স্বীকৃতিতে ইয়ামালকে পেছনে ফেলে পাল্টা জবাব দিলেন এমবাপ্পে। 
এই দিকে ২২ নভেম্বর লা লিগায় সেল্টা ভিগোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। একই দিনে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২