মো. মিজানুর রহমান ।।
কুমিল্লা জেলা প্রশাসনের অর্থায়নে জেলার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর সুবর্ণপুর চরে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনকারী ১০ জন গ্রামীণ নারী কৃষি উদ্যোক্তা/কৃষাণীদের মাঝে ১ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। গত বুধবার সকালে আদর্শ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান। এসময় আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার সজীব তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন, আদর্শ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও অর্ধশতাধিক গ্রামীণ নারী কৃষি উদ্যোক্তা/গ্রামীণ কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন কৃষাণীর মাঝে দশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কুমিল্লা জেলা প্রশাসক ও উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করেন। তাঁরা এসময় গ্রামীণ কৃষাণী ও নারী কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাঁদের নানা সমস্যা সমাধানে জেলা প্রশাসক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।
