সাজ্জাদ হোসেন, মুরাদনগর :
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এক বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও সফল খামারিদের মাঝে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিকুল আলম তালুকদার, বিআরডিবি কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে যুবদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার নানা দিক তুলে ধরে আরো বক্তব্য রাখেন সফল খামারি মোঃ মোজাহিদ আহসান, ‘সবুজ সংঘ’ সংগঠনের পক্ষে এ কে এনামুল হক এবং ‘হিরাকাশি স্বেচ্ছায় যুব সংগঠন’-এর পক্ষে ফয়সাল আহমেদ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ১০ জন সফল ও উদ্যমী খামারির আত্মকর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণের জন্য সর্বমোট ১০ লক্ষ ৭০ হাজার টাকা ঋণের চেক হস্তান্তর করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, "যুব সমাজই দেশের প্রধান চালিকাশক্তি। সঠিক প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে উপজেলার যুবদের দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
