শিরোপা জয়ের আনন্দটা আর ধরে রাখতে পারলেন না লিকা পোদ্দার। মংলায় থাকা মাকে ভিডিও কলে খবরটা দিতেই চোখ ভিজে গেল তার। পাঁচ বছরের সিনিয়র ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ, এত দিনের সংগ্রাম আর মায়ের স্বপ্নপূরণের আবেগ-সব মিলেমিশে একাকার।৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককে সাবেক চ্যাম্পিয়ন উর্মি আক্তারকে হারিয়ে নতুন রানি হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এই শাটলার। হাড্ডাহাড্ডি ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর উর্মিকে ২২-২০, ১১-২১, ২১-১৮ পয়েন্টে হারিয়ে প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জেতেন ২৪ বছর বয়সী লিকা।এই সাফল্যের পেছনে আছে অভাবের সঙ্গে প্রতিদিনের লড়াই। মংলার এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা লিকার বাবা পেশায় মৎস্যজীবী। নদীতে মাছ ধরে চলে সংসার। এমন পরিবার থেকে উঠে এসে ব্যাডমিন্টনে নিজের জায়গা করে নেওয়া সহজ ছিল না।আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও স্বপ্ন ছাড়েননি তিনি। এলোরা শাটলিন একাডেমি কোচের সহযোগিতা ও কাওসাকি ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতা তার এগিয়ে চলার পথে সহায় হয়েছে।তবে এত দিনের পরিশ্রমের স্বীকৃতি যেন পেলেন এই একটি জয়েই। ফাইনালের চাপ সামলে শিরোপা জয়ের পর লিকার কণ্ঠে ছিল তৃপ্তি আর আবেগ। মায়ের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরেছেন-এই অনুভূতিই তাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে।লিকার এই শিরোপা শুধু ব্যক্তিগত অর্জন নয়, সীমিত সামর্থ্য নিয়েও স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে চলা তরুণদের জন্যও অনুপ্রেরণা। জাতীয় মঞ্চে সেরা হওয়ার পর এবার তার চোখ আরও বড় লক্ষ্যে-শিরোপা ধরে রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনা।
