ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে নেই বাংলাদেশ দল। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৭৯ রানে ৬ উইকেট পড়েছে তাদের। তবে দিনের শুরুতে বল হাতে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্পিনার নাঈম ইসলাম। মাত্র ১০ ওভার ৫ বল করে তুলে নেন ৪ উইকেট।
দিন শেষে সংবাদ সম্মেলনে নাঈম বলেন, 'আমি চেষ্টা করে গেছি একই জায়গায় বল করার। টার্ন হচ্ছিল বাউন্স হচ্ছিল। ভালো জায়গায় বল করলে সুযোগ আসবে সামনে (এমন বিশ্বাস ছিল)।'
পরে ১৮ রানে অপরাজিত থাকা নিয়ে বললেন, 'সেরকম কোনো প্ল্যান ছিল না। চেষ্টা ছিল যেরকম বল আসবে সেভাবে শট খেলব। এখানে স্কোর করা অত সহজ না। বল টার্ন করছে। যদি স্কোরিং চালু থাকে বোলাররা চাপে থাকবে।'
দলে নিজের সুযোগ নিয়ে নাঈম জানান, ‘আফগানিস্তানের সাথে অনেক দিন পর খেলেছি ম্যাচ। অধিনায়ক দলের জন্য যা ভালো মনে করে তা করে। মিরাজ ভাই, তাইজুল ভাইদের ওপর বিশ্বাসটা বেশি। ইনশাআল্লাহ যদি আমি সামনে এমন ভালো পারফর্ম করতে পারি আমারও সামনে সুযোগ আসবে।'
ক্যাচ মিস প্রসঙ্গে এই স্পিনার বলেন, 'সিলিতে ক্যাচ অনেক কঠিন হয়। আমার চোখে (মুমিনুল হক) সৌরভ ভাই বিশ্বের সেরা ফিল্ডার সিলিতে। মাঝেমধ্যে মিস হতেই পারে। আমিও পয়েন্টে মিস করেছি ক্যাচ। সবাই সবার ১০০% এফোর্ট দেয়, এরকম হতেই পারে। আপনাদের জীবনে কি প্রতিদিন একরকম যায়? সবাই ১০০% চেষ্টাই করে, এক দিন ভালো হয় এক দিন খারাপ হয়।’
