আলমগীর হোসেন।।
দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, এক রাউন্ড কার্তুজ, দুটি লোহার রড কাটার ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। কাভার্ডভ্যানটি ডাকাতির কাজে ব্যবহৃত হতো বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মো. রুবেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই এলাকায় ঈশাখাঁ পেট্রোল পাম্পের পেছনে নুরুল ইসলামের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল কুখ্যাত ডাকাত সর্দার নূরনবী গ্রুপের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক রুবেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
